শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সমর দেব-র গল্প "অন্ধকারের বিন্দু"




 অন্ধকারের বিন্দু


'তুই সবচেয়ে সুখী হবি’—চার্মিনারে শেষ টান দেবার মুহূর্তে অভিমন্যুর এ কথা মনে পড়লে, সে ঊনত্রিশ বছরের যুবক, মায়ের একদা বলা কথাটা মনের পর্দায় ছবির মতো ভেসে উঠেছিল। একটু আগেই চলে গেছে নবনীতা। এখনও ঘরের ভেতরে নবনীতার গন্ধটার উগ্র উপস্থিতি। মেঝের এক কোণে অবহেলায় পড়ে আছে নবনীতার রঙিন হাওয়াই জোড়া, একটার গোড়ালির দিকটা অস্বাভাবিকভাবেই অন্যটার চেয়ে অসমান্তরাল অবস্থানে। ওটা তো উলটেও পড়ে থাকতে পারত। বিশেষত, শেষমুহূর্তে যে-ধরনের উত্তেজনা জমাট হয়ে উঠেছিল, নবনীতার বুক যেভাবে প্রবল শ্বাসাঘাতে উথাপাথাল করছিল, তাতে অস্থির দ্রুততায় পা থেকে হাওয়াই জোড়া ছুঁড়ে ফেলতে গিয়ে অন্তত একটা হাওয়াই আরও দূরে ছিটকে গিয়ে উলটে গেলেই যেন ভালো হতো। অথচ, সেরকম না হওয়ায় অভিমন্যুর মনে একটা দারুণ খচখচে অনুভূতি কাঁটার মতো বিঁধতে থাকে। আর, দেখো, বিছানার ওপরে নবনীতার ছেড়ে যাওয়া জামা, অন্তর্বাস কেমন নিষ্প্রাণ পড়ে আছে। ওসবের চেহারাটা মালিকানাহীন লাগেজের মতো, যেন পরিত্যক্ত, অবহেলাপ্রসূত, জীবনের স্পর্শহীন, নিক্ষিপ্ত। কপালে হাত রেখে অভিমন্যু ভাবে, আর কি অন্য কিছু সম্ভব? মায়ের বলা কথাটা ভেসে ওঠে—তুই সবচেয়ে সুখী

হবি। পরবর্তী দৃশ্য হিসেবে পর্দায় ভেসে ওঠে মায়ের মুখটা। এখন মায়ের জরাজীর্ণ, বলিরেখাযুক্ত মুখে সেই শৈশবের দেখা উজ্জ্বল দুটো চোখ বড়ো নির্জীব, সাম্প্রতিক অসম্ভব রকমের ধূসর দেখায় ; দন্তহীন মাড়ি, তবু এখনও অনেক চুল, পিঠ ছাপানো হয়তো নয়, তারপরও এখনও অনেক চুলই কালো ; চুলের সবটা এখনও পাকেনি; অতএব কিঞ্চিৎ মসৃণতাও দুর্লক্ষ্য নয়। এবং এখনও বার্ধক্যশাসিত মুখে, শৈশবের একদা চিনে নেওয়া মুখের সেই আদল, আজও ঠিকঠাক চিনে নিতে পারে অভিমন্যু। 

গতকাল বৃষ্টি পড়েছে  খুব, একটানা মুষলধারে, ঝমঝম, ঝরঝর, অবিরাম ঘণ্টা দুয়েক ; অথচ চৈত্র মাস; বৃষ্টির আগেই মাটি খাঁ খাঁ করছিল, অজস্র বলিরেখা, কোষে কোষে ক্ষয়, নিয়তির মতো। ফুটিফাটা মাটিতে বিচিত্র মানচিত্র। বৃষ্টির পর, এখন মাটি নরম, ভেজা ভেজা, শ্যামল, কোমল, আসন্নপ্রসবা রমণীর স্তনের মতো করুণায় আর্দ্র যেন বা। এখন আকাশ পরিষ্কার, মেঘহীন, নীলচে আভাযুক্ত, অমলিন, ঝকঝকে। নবনীতার আয়ত চক্ষু যেন-বা, চকচকে, দীপ্ত, গভীর, রহস্যমাখা, অচঞ্চল, গাঢ় কাজলচর্চিত, মেদুর। সে, অভিমন্যু, একমনে আকাশ দেখে, আকাশের ব্যাপ্ত নীলিমা দেখে, দূর দেখে, রূপকথার মতো মেদুরতা দেখে, মায়ের মুখ দেখে, নবনীতার মুখ দেখে। গ্রিলের বাইরে এ সময়ে আকাশে পাখি ওড়ে, আলো কমে এসেছে, মৃদু হাওয়া বইতে থাকে, হাওয়ায় পতপত ওড়ে খোলা জানালার পর্দা। ঘরে ফেরে বকপাখির দল। বেলা পড়ে আসছে দ্রুত, নিঃশব্দে চুপি চুপি ; তাতে গোপনতা আছে, সাবধানতা আছে, ফিসফিসানি আছে। সায়াহ্ণের মন্থরতা টের পায় অভিমন্যু। তারপরে, একটু একটু করে অন্ধকার নামবে, গাঢ় হয়ে উঠবে আলোহীনতা, শৃগালেরা জাগবে, আড়মোড়া ভাঙবে এবং শিকারে বেরোবে শব্দহীন পায়ে, তাদের কষ বেয়ে লালা গড়াবে, অন্ধকারে জ্বলজ্বল করবে কুতকুতে চোখ, পচা লাশের ওপর হুমড়ি খেয়ে পড়বে শ্বাপদেরা, শুধু নীরব দর্শক হবে বুড়ো কাল প্যাঁচা, প্রতিবাদহীন, অক্ষম, কিঞ্চিৎ উচ্ছিষ্টলোভী ; অভিমন্যু এসব জানে; জেনেও দেখে কীভাবে দিনের আলো আছড়ে পড়ে রাতের অতল গহ্বরে, অনিবার্য : মৃত্যুর মতো হিম, ব্যাপ্ত হিমযুগে সে দাঁড়িয়ে থাকে। বহুদুরে কোথাও কুকুরের চিৎকার

,আর্তনাদের মতো, কান্নার মতো; তাদের দখল শেষ, এবার এলাকায় দাপিয়ে বেড়াবে দাঁতাল শ্বাপদেরা; এরা সাবধানী, সতর্ক, হিসেবি, চতুর, গোপন আততায়ী যেন-বা, রক্ত হিম করা নখ তাদের ; ভুতুড়ে, রহস্যময় ; যেন-বা অন্ধরাত। 

কোনো কোনো রাতে চাঁদ ওঠে, দূর আকাশে ঝুলে থাকে নবনীতার অনির্বচনীয় মুখ, পানপাতার আদলে ; মনে পড়ে শৈশবে চেনা মায়ের মুখ—দীপ্ত, সাবলীল, সহজ, জলরঙের ছবির মতো, পবিত্র; পৃথিবীর শেষ দৃশ্যের মতো, শেষ আশ্রয়ের মতো, নিভৃত নোঙর, বড়ো নিশ্চিত, বিশ্বস্ত; আপন হৃদপিণ্ডের মতো একান্ত নিজস্ব, গায়ত্রীর মতো সুরেলা, সাবলীল, উদ্‌গীত, অথচ রক্তের মতো গতিশীল অনুভব, প্রতীতি স্পর্শের রোমাঞ্চ। অভিমন্যু আকাশ দেখে, চাঁদ দেখে— পূর্ণিমার চাঁদ ; এ-চাঁদের কোনো যায় আসে না, অনপেক্ষ তার অনুভব, তার ক্ষমা, তার হৃদয়-বিক্ষত প্রেম। সে বড়ো রক্তাক্ত অনুভব করে, তার কষ্ট হয়, খুব গোপন, অথচ অনিবার্য নিয়তির মতো; উন্মুক্ত আকাশের নিচে সে একাকী দাঁড়িয়ে ; তার বুক বেয়ে গড়িয়ে পড়ে রক্ত, এত ভালোবাসা ; নবনীতা তার কষ্ট, তারই নিজস্ব, একাকী যন্ত্রণা। পূর্ণিমার চাঁদে লেপে থাকে কলঙ্ক, কানাকানি, ফিসফাস ; তবু চাঁদ নির্বিকার, অভিমন্যু তবু ভালোবাসে, বুক দিয়ে আড়াল করে গ্লানি ; সন্তানের প্রতি যেন-বা পিতা; পিতা মানে পালনকর্তা, জনক নয় মোটেই, স্নেহের শাসনে সে আগলে রাখতে চায়; অবুঝ প্রেম, দূরপ্রেরিত মঙ্গলাকাঙক্ষার মতো, গোপন নিঃশব্দ শপথের মতো; হৃদয়ের রক্তাক্ত বাসনা। এখন আরও কমে এসেছে আলো। শেষবেলায় কি আলোহীনতার, আলোর অপস্রিয়মানতার গতি প্রবলতর হয়ে ওঠে? এমন ঘোলাটে আলোয়, আলোহীনতায় ক্লান্তি, ক্লিষ্টতা, মন্থরতা। অভিমন্যুর চারপাশে অন্ধকারের হালকা চাদর; গভীর লবণাক্ত জলের আড়াল থেকে আকস্মিক উঠে আসা হানাদার হিংস্র হাঙরের দাঁতের মতো ধারালো, তস্করের মতো চুপিসার, গোপন, যেন-বা কালপ্যাঁচা, অশুভ বার্তাবহ, তীব্র বিষ, মৃত্যুদূত, যেন-বা কালান্তক কালকূট, অমঙ্গলের অমোঘ পরোয়ানা । অন্ধকার চাদরে মুখঢাকা আততায়ীর মতো ঘোর নৃশংস, কোপন, নিঃসাড়; সন্তর্পণে শ্বাপদেরা ঘুরে বেড়াবে ইতিউতি। আদিম কামুক বাতাসের নখ ছিঁড়ে ফেলবে চাঁদের কোমল শরীর। কুৎসিত মৃত্যুর কোলে ঢলে পড়বে চাঁদ, অসহায় বালিকা। চাঁদের চোখে লবণাক্ত অশ্রু, গভীর যন্ত্রণাদীর্ণ মুখ ; সভ্যতায় সর্বনাশের আঁচড়, গ্লানি, ক্লেদাক্ত মুখে অহংকার বিচূর্ণীভূত; এমন পরাভব, করুণ পরিণতি, ট্র্যাজেডির আঁশটে গন্ধে যৌবনের অপরিমাণ ক্ষয়। অথচ, চাঁদের এ-মুখ, যেন-বা নবনীতা, ভেজা বারুদের স্বাদমাখা প্রেম, ভালোবাসার গোপন রক্তক্ষরণ ; আত্মহত্যার মতো, যেরকম আত্মহত্যা আটাশ ক্যাম্পোজে, বড়ো কাঙ্ক্ষিত ছিল সেই ঘুম; নবনীতা আজও জানে না, জানবে না কোনোদিনও, তবু সেই বহুকাঙিক্ষত শেষঘুমে সর্বশেষ দৃশ্য হয়ে জেগে থাকে নবনীতা ; সেই চাঁদ, পূর্ণিমার চাঁদ : সেদিন জ্যোৎস্না উঠেছিল।

'তুমি আমাকে ফিল করো না'—এ-রকমই প্রায়ান্ধকারে নবনীতা নিরুত্তর, পটে আঁকা ছবি ; ঈষৎ গম্ভীর, অনুযোগে অকম্প, আজও স্পষ্ট ; অথচ সে, অভিমন্যু আকুল, অসহায়, নিবেদিত, ভেঙে খানখান। একটু আশ্রয় দেয়নি নবনীতা, একটু ভালোবাসা, সহজ উষ্ণতা ; অথচ সে, অভিমন্যু জানু ভেঙে যেন-বা মার্জনা ভিক্ষা অথবা করুণা ভিক্ষা ; তারপরই আত্মদর্শনে স্তম্ভিত, একটু ভালোবাসা চেয়েছিল, নারীর কাছে পুরুষের আদি অন্ধ বাসনার মতো। মনে পড়েছিল শৈশব, যৌবনের চেয়ে অসহায় ছিল না, এমন অন্ধরাত ছিল না, হিম ছিল না, শ্বাপদের আনাগোনাহীন, রৌদ্রালোকিত উন্মুক্ত প্রান্তর ; অথচ মোম নিয়ে দাঁড়িয়েছিল নবনীতা। 'তুই সুখী হবি’—গুণিনের বাণের মতো অদৃশ্য অথচ অমোঘ, নির্মমতা ; নিঃশব্দ পশ্চাদানুগমন, গোপন আততায়ী যেন-বা, মৃত্যুর মতো পশ্চাদ্ধাবনকারী, আলেয়া, ভ্রম; ভ্রমস্বপ্নে রঙিন ফানুস ; অভিমন্যু বিভ্রমে হেঁটেছিল।

আর ফিরবে না নবনীতা, নিশ্চিতই। অভিমন্যুর চারপাশে নিশ্ছিদ্র অন্ধকারে মৃত্যুর পদশব্দ, শ্মশানে অশরীরী যন্ত্রণার ফিসফাস, মাংসের পোড়া ঘ্রাণ, মাথার ওপরে অবিরত উড়তে থাকে শকুন, বাতাসে গোপন শলা-পরামর্শের ঠাণ্ডা হিমস্রোত; দ্রুত একা মনে হয়, সঙ্গীহীন, প্রেমহীন, নিরাশ্রয়, উষ্ণতাহীন অথবা অবর্ণনীয় ফারেনহাইট ; সে একা পুড়তে থাকে। অথচ, ওষুধ ছিল, নিরাময় ছিল, উন্মুক্ত উদার আকাশ ছিল ; অন্ধকার সরিয়ে দেবার মোম ছিল নবনীতার কাছে। একবুক মোম নিয়ে নবনীতা অন্যত্র জ্বেলে দেয়, দূরবর্তী সেই মোমের আগুনে পুড়তে থাকে অভিমন্যু, আবহমানকাল, অমোঘ, প্রতিরোধহীন যেন-বা; পরাঙ্মুখ  প্রাণ, জীবনের স্পন্দনহীন, নিথর, জরদ্‌গব। মনে পড়ে নির্মম সত্যকথন, 'ফিল করো না'--- অভিমন্যু বাতাসের দিকে চেয়ে থাকে অপলক, নির্নিমেষ; পরাভূত, শৃংখলিত, রক্তাক্ত, আশাহত; কী-ই বা করার থাকে, অসহায় সে অভিমন্যু, সপ্তরথী বেষ্টিত, খোঁজে শেষবারের মতো, একটু শান্তি, একটু স্বস্তি, একটু নিরুদ্বেগ; প্রিয় নারীর বুকে স্থির, স্থিত আশ্রয়; ক্লান্ত, বড়ো ক্লান্ত বোধ করে সে। তবু নবনীতা পরিতাপহীন, স্মৃতিহীন, পরাঙ্মুখ, হয়তো অহংকারীও ; অভিমন্যু মৃত্যুর বিভীষিকা দেখে।

এ শহরে অন্ধকার। গোপন সন্ত্রাসের মতো, আত্মগোপনকারী, কাপুরুষ, লুম্পেন বুদ্ধিজীবী, বিমার দালাল, মূর্খ অধ্যাপক, কৃমিকীট, যেন-বা মাফিয়া, অন্তর্ঘাতমূলক, গোপনে গভীর ক্ষয়কারী। অভিমন্যুর চারপাশে লেপটে থাকে অন্ধকার শহর, ঘিনঘিনে বমনোদ্রেগকারী; অথচ মেধাহীন, নিঃস্ব, ভিখিরি, যেন-বা; আর, এই ঘৃণ্য অন্ধকারে নাট্যমঞ্চ, সিনেমা হল, শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান; নিরুদ্ধ, স্থবির, পতনোন্মুখ, জরাগ্রস্ত, মৃত্যুভয়ে ভীত-সন্ত্রস্ত; সামনে যেন-বা ফাঁসিগাছ, মৃত্যুর মুখোমুখি ইতর প্রাণীদের শেষ সঙ্গম প্রচেষ্টা; ওয়াক থুঃ!

গতকালের মুষলধারা বৃষ্টিতে গাছের পাতা, ঘাস, পাকা সড়কের ঘন কালো অ্যাসফল্ট—সব ধুয়ে গেছে। চরাচরে প্রাণের সাড়, সেরকম সহজ স্বাভাবিক নয় যদিও, এমনকি ততটা জীবন্তও নয়; ধীর, শান্ত, ঘুমের ওপার থেকে জেগে ওঠা যেন-বা, চোখ তখনও নিরুন্মিলিত, কম্পনরহিত --- যেমন হয়েছিল আটাশ ক্যাম্পোজে;  অভিমন্যু শেষবারের মতো ঘুমিয়ে পড়েছিল, অথচ বহুকাঙ্ক্ষিত সেই ঘুম, অবিচ্ছিন্ন, ভগ্ন, অস্থির, অশান্ত, নবনীতা যেন-বা, ভয়ানক প্রলোভনের মতো, স্বপ্নের মতো, ধোঁয়াশা, মৃদু, উত্তাপহীন, শান্ত জলছবি; অস্থায়ী, ক্ষণপ্রভ বিদ্যুচ্চমকের মতো; তবু রহস্যময় ; অভিমন্যু দূর আহ্বান  শুনেছিল, মৃত্যুর হাতছানি দেখেছিল, যেরকম শব্দহীন ডেকেছিল নবনীতা, অমোঘ সময়ের মতো; বড়ো মোহময় সেই ডাক, কুয়াশা জড়ানো ভোরের মতো, তাতে নবনীতা ছিল, আশা ছিল, সম্ভাবনা ছিল। আশ্রয়ের আহ্বান ছিল, যেন-বা প্রেমও ছিল, অনিঃশেষ, মধুর, রোমাঞ্চকর। অভিমন্যু উৎস চিনেছিল, আদিম অরণ্যগভীরে মোহময় গান গেয়েছিল নারী, নবনীতা; স্বপ্নের মতো মনে হয়, তবু আংশিক সত্য, ক্ষণসত্য; করাল রাত্রির বুক চিরে তীক্ষ্ণ বিদ্যুতের প্রভা, চরাচর খানখান হয়েছিল। সেই আলোয় চকিতে আত্মদর্শন, কত যুগ যেন পেরিয়ে আসা স্মৃতি, শৈশব, কৈশোর, নবনীতার আয়নায় প্রতিবিম্বিত হয়েছিল, এ-কারণে অভিমন্যু পুলকিত, রোমাঞ্চিত, অভিভূত ; জীবনকে ভালোবেসেছিল, নবনীতা যেন তারই নিজের আত্মার অকপট উন্মোচন, আত্মার অন্তহীন সুরেলা সংগীত। অথচ, এখন বিভ্রম, এখন ত্রাস, এখন নিকষ অন্ধকার; অন্ধকারে নবনীতার গালে রুজ, অধরোষ্ঠে ভারী লিপস্টিক, বাহারি পোশাকে

দূর নক্ষত্রগামী যেন বা, যে-নক্ষত্র মরে গেছে, হেজে গেছে; নবনীতা ভুল ছবি আঁকে, ভুল আত্মপ্রতিকৃতি আঁকে। সে অন্ধকারে হেঁটে যায় অনায়াস, ভ্রুক্ষেপহীন, সাবলীল;

অন্ধকারের গোপনে তাকে হাতছানি দিয়ে ডাকে কালপ্যাঁচা, তার মাথার ওপরে উড়ে

উড়ে ঘুরে ঘুরে চক্কর খায় নোংরা শকুন, লোলুপ শেয়াল তাকে অনুসরণ করে ; অথচ

এসব জানে না নবনীতা, সে বালিকা, অনভিজ্ঞ একথাও বিশ্বাসের অতীত, অযৌক্তিক

বিমৃঢ়তা যেন; এক অমোঘতা, অনিবার্যতা যেন; দুর্দম তার অন্ধচলা।

পথের একপ্রান্তে দিঘলিপুখুরি, কে-ই বা নিশ্চিত করে বলতে পারে, কেননা দিঘলিপুখুরি পেরিয়েও তো যাওয়া সম্ভব, এদিকে-ওদিকে, সর্বত্রই; অতএব শহরের কোথাও তো কারাগার, স্থানান্তর সত্ত্বেও; আর সেখানে প্রতিটি কুঠুরিতে প্রাচীর ভাঙার মন্ত্রণা ; অথচ বেয়নেট-হ্রাস, বারুদের গন্ধ, হিংস্র পাশবিকতা ; গেস্টাপো-ত্রাস; দুর্গন্ধ, জীবনের পচে যাওয়া ঘ্রাণ, অবরুদ্ধ বাতাসে মৃত্যুর পাঁশুটে গন্ধ। সামান্য কয়েক মিটার, তারপরই রবীন্দ্রভবন—তাঁর খাসতালুক ভারতবর্ষময় ; সুসংহত, নিয়মানুগত, পারম্পর্যহীন, উন্মার্গগামী। ওপাশে, পুকুরপারে রাধাগোবিন্দের প্রতিমূর্তি, কৃষ্ণবর্ণ, গোদা গোদা ভাস্কর্য, এখন মহাপুরুষ লোহার খাঁচায় বন্দি, আপামর মানুষের সংস্পর্শহীন, পাথুরে, নিষ্প্রাণ, অতএব অসুন্দর, বিকৃত, কুৎসিত। জীবনের লীলায়িত সৌন্দর্য সেখানে অনুপস্থিত, বড়ো মাপের মানুষকে ক্ষুদ্রত্বে বন্দির প্রচেষ্টা; ইস, খুব কষ্ট হয় ; সারা দেশেই বড়োমানুষদের এভাবে অপমানের অজস্র প্রচেষ্টা। এ-ও কি সেই সুখী হওয়া ? হায়, তাঁরা তো জানতেন না এবম্বিধ করুণ পরিণতি। কে সুখী, কারা সুখী ? কেউ কি সেকথা জানে? আর, ওপাশে দেখো সারি সারি অট্টালিকা, পরামর্শসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, আফিমের নেশা ধরানো, অথচ কতিপয় আন্তরিক, আলোকপিয়াসি গুরু-শিষ্য ইত্যাদি। এখানেই নবনীতা, অধরোষ্ঠে লিপস্টিক, গালে রুজ, দু-চোখে ঘন কালো রঙের প্রলেপে আচ্ছন্ন সৌন্দর্য, পাহাড়ি পোশাকে চটুল, কলমুখর; যেন-বা মাদকচালিতা, নেশাগ্রস্তা, যেন-বা মৃত্যুকামী; নবনীতা কল্পনার চোখে মারুতি দেখে, নোট দেখে, গগনচুম্বী অট্টালিকার সীমাহীন ঔদ্ধত্যের মতো শিশ্নপরায়ণ পুরুষ দেখে, রুপোলি পর্দায় নিজেরই প্রতিকৃতি দেখে।

অভিমন্যু পলকের জন্য দাঁড়ায় এখানে, এই রাস্তার মোড়ে। কেন-না, রাস্তার মোড়ে তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে, কোন পথে তুমি যাবে, গম্ভব্য স্থির না করে তুমি স্থবির, অজর, অনড়, স্থানু, জড়দ্গব, হিমশিলা। তুমি তো তা নও; অভিমন্যু তবু থমকে দাঁড়িয়ে পড়ে। চারপাশটা ভাল করে দেখে নিতে চায়। রাস্তাগুলো কোনটা কোনদিকে চলে গেছে উপলব্ধি করে নিতে চায় যেন শেষবারের মতো। আঁতিপাতি করে চারপাশে গভীর দৃষ্টিতে তাকায়, খোঁজে। তবু নবনীতাকে কোথাও দেখতে পায় না। শেষদৃশ্যের মতো, আটাশ ক্যাম্পোজের সেই অনন্ত পাতালভেদী ঘুমের প্রান্তে শেষ আশ্রয়ের মতো; মনে পড়ে—'তুই সবচেয়ে সুখী হবি', মায়ের প্রতিবিম্ব, নবনীতার বুকের উষ্ণতায় যেন-বা শেষ নোঙর, পানপাতার আদলে মুখ, আয়ত গভীর দুটি চোখ দূর শৈশবের স্মৃতিবিজড়িত, মোহময় সংগীত নবনীতা—'আমাকে ফিল করো না”, একথায় নিরুত্তর, স্তব্ধ, যেন স্বাভাবিক। তারপর, সেই নাটকের সংলাপের মতো ভাসমান, দুঃসহ বাক্য প্রতিধ্বনি তোলে মুহুর্মূহু, কানে এসে প্রবল হাতুড়ির মতো আঘাত করে অনিবার। কান্না পায় অভিমন্যুর, গোপন অবিরল রক্তপাত, ভেসে ওঠে মোদিগলিয়ানির ক্যানভাস, এমন ভয়ংকর ভালোবাসা, রক্তের লোহিত কণিকাভেদী, আরও, আরও গভীরে, কোষের গভীরে গভীরে, ক্রোমোজমের ডাবল হেলিক্স--- প্যাঁচানো মই, সেই মইয়ের প্যাঁচে প্যাঁচে জড়িয়ে, মেশামেশি, তারপর আরও নৈকট্য ডিএনএ-র শেষ বিন্দুতে বিন্দুতে। কেন নয় এমন কাম, ছেদহীন, যতিহীন, অনিঃশেষ ; মৃত্যুর অনন্ত অন্ধকার যেন, মানুষীকে এমন ভালোবেসে, সে অভিমন্যু, বড়ো নিঃস্ব বোধ করে।





গদ্য - মৃদুল শ্রীমানী *সংশয়ী ও বিজ্ঞানজিজ্ঞাসুর গ‍্যেটে*

 সংশয়ী ও বিজ্ঞানজিজ্ঞাসুর গ‍্যেটে



য়োহান উলফগ‍্যাং ভন গ‍্যেটে। তিনি আইনব‍্যবসা করার লাইসেন্স বা সনদপ্রাপ্ত হবার পর ফ্রাঙ্কফুর্ট শহরে গিয়ে ছোটখাট ভাবে আইনব‍্যবসা শুরু করেন। কিন্তু উচ্চতর মানবিক প্রজ্ঞা নিয়ে আইনি ব‍্যবস্থার মধ‍্যে কাজ করতে গিয়ে তিনি বিপাকে পড়লেন। তাঁর অনভিজ্ঞতাও এজন্য দায়ী ছিল। কয়েকমাস প্র‍্যাকটিশ করার পর  তিনি উকিল হিসাবে কাজ করা বন্ধ করলেন। এরপর ১৭৭২ খ্রিস্টাব্দের মে মাসে তিনি জার্মানির হেসে প্রদেশের ওয়েটজ্লার শহরে পুনরায় আইনব‍্যবসা শুরু করেন। গ‍্যেটের পিতা চেয়েছিলেন যে, ছেলে আইন পড়ুন এবং জার্মানির হেসে প্রদেশের ওয়েটজ্লারে পবিত্র রোমান সাম্রাজ্যের ইম্পিরিয়াল সুপ্রিম কোর্ট রাইখস্ক‍্যামারজেরিখট এ আদালতী কর্মপ্রক্রিয়ার অভিজ্ঞতা অর্জন করে ইটালি ভ্রমণ করে একজন বিশ্বনাগরিক হয়ে উঠুন।

 

আইনের যে শাখাটি খ্রিস্টীয় চার্চের পরিচালনা ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের আইনি নিয়ন্ত্রণের বিষয়ে কাজ করে, সেই একলেসিয়াসটিক‍্যাল আইন তিনি পাঠ‍্যবিষয় হিসাবে বাছলেন। প্রাচীন ইহুদি ধর্মের আইনি দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল। লোকবিশ্বাস অনুযায়ী ঈশ্বর মিশরের সিনাই পর্বতে ইহুদি প্রফেট মোজেস বা মোশি কে 'টেন কম‍্যাণ্ডমেন্টস' অর্থাৎ দশ উপদেশাবলী দান করেছিলেন। ইহুদি, খ্রিস্টীয় ও ইসলামী মতে মোজেস বা মোশিকে প্রদত্ত এই দশ উপদেশ বিশেষ শ্রদ্ধেয়। ইহুদিদের তোড়া, খ্রিস্টানদের বাইবেল ও মুসলিমদের কোরাণে এই মাউন্ট সিনাইয়ে প্রাপ্ত উপদেশাবলীর শ্রদ্ধাপূর্ণ উল্লেখ আছে।

এই এতখানি গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় 'টেন কম‍্যাণ্ডমেন্টস' এর বাস্তবতা, যৌক্তিকতা ও সারবত্তা নিয়ে গ‍্যেটে প্রশ্ন তুলে দিলেন। তাতে তাঁর বেশ বদনাম রটল। কিন্তু ওই যে আইনের পড়াশুনা, আইনের বিধানগুলির বৈধতা নিয়ে কঠিন কঠিন প্রশ্ন তোলা তাঁর পরবর্তী জীবনকে তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তাঁর সমসাময়িক অন‍্যান‍্য লেখকেরা যেখানে ধর্মীয় তত্ত্ব, দর্শন অথবা ধ্রুপদী ভাষাতত্ত্ব নিয়ে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, সেখানে গ‍্যেটে প্রথমাবধি একজন বাস্তবপন্থী মানুষ হিসাবে যাত্রা শুরু করলেন। গ‍্যেটে ছাত্রবয়সেই একজন মুক্তচিন্তক ব‍্যক্তি হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন, খ্রিস্টান চার্চগুলির বিভিন্ন ঘরাণার কোনো একটিকেও অনুসরণ না করেই একজন ব‍্যক্তি অন্তরধর্মে খ্রিস্টান হয়ে উঠতে পারেন।

 



গ‍্যেটে এমনকি খ্রিস্টান ধর্মের মূল তাত্ত্বিক ভিত্তি নিয়েই কঠোর সমালোচনাপূর্ণ বক্তব্য রাখতে শুরু করলেন। তাঁর মতে যিশু খ্রিস্ট এক মেরুতে আর তথাকথিত খ্রিস্টীয় ধর্মতত্ত্ব ভিন্ন মেরুতে, আর এ দুটির মধ‍্যে তিনি এক মৌলিক ও অলঙ্ঘনীয় পার্থক্য দেখতে পেতেন। খ্রিস্টান ধর্মের বিকাশের ইতিহাসকেও গ‍্যেটে ছেড়ে কথা বলেন নি। তিনি বলেছেন, খ্রিস্টান ধর্মের ইতিহাস আসলে কিছু বিশ্রী ধরনের ভুল আর হিংস্রতার ধারাবাহিক ইতিহাস। গ‍্যেটের সেক্রেটারি কবি ও লেখক য়োহান পিটার একারম‍্যান (২১ সেপ্টেম্বর ১৭৯২ - ৩ ডিসেম্বর ১৮৫৪) ১৮৩৬ খ্রিস্টাব্দে জার্মান ভাষায় দুই খণ্ডে 'গেসপ্রাশে মিত গ‍্যেটে' বা গ‍্যেটের সঙ্গে আলাপচারিতা নামে একটি বই লেখেন। বছর বারো পরে ১৮৪৮এ এই বইয়ের আরো একটি খণ্ড প্রকাশিত হয়। এই গেসপ্রাশে মিত গ‍্যেটে বইতে পিটার একারম‍্যান গ‍্যেটেকে খ্রিস্টান ধর্ম নিয়ে আগ্রহী বললেও গ‍্যেটে কিন্তু নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি সচেতন ও সুচিন্তিত ভাবে নন-খ্রিস্টান। গ‍্যেটে একটি লুথেরান পরিবারে জন্মেছিলেন। মার্টিন লুথার নামে ষোড়শ শতকের জার্মান সাধু ও ধর্মসংস্কারক ক‍্যাথলিক চার্চের ধর্মতত্ত্ব এবং আচার বিশ্বাসের সংস্কার করতে গিয়ে প্রোটেস্টান্ট মতবাদ গড়ে তোলেন। লুথেরান মতবাদ সেই প্রোটেস্টান্ট মতবাদেরই এক গুরুত্বপূর্ণ শাখা।

গ‍্যেটে যখন নিতান্তই শিশু, তখন ১৭৫৫ খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবনে এক সাংঘাতিক ভূমিকম্প হয়। তারিখটা ছিল ১ নভেম্বর, শনিবার। সময়টা ছিল সকাল নয়টা চল্লিশ। সেই ১ নভেম্বর দিনটা ছিল একটা পবিত্র দিন। অল সেন্ট'স ডে পালিত হচ্ছিল। সকালেই শহরের মানুষ জড়ো হয়েছিল চার্চে, উপাসনাগৃহে। এমন সময়ে দেখা দিল সাংঘাতিক মাত্রার ভূমিকম্প। বিজ্ঞানীরা আন্দাজ করেন, রিখটার স্কেলে সে ছিল সাড়ে আট থেকে নয় মাত্রার সাংঘাতিক বিধ্বংসী ভূমিকম্প। দশ মিনিটের মধ্যে তিন তিনবার প্রবল আন্দোলনে লিসবন শহর প্রায় গুঁড়িয়ে গেল। তার মধ‍্যে একবার একটানা সাড়ে তিন মিনিট ধরে কাঁপল লিসবন। পনের ফুট করে গভীর ফাটল দেখা গেল বিভিন্ন জায়গায়। ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ভক্তমানুষ চার্চে চার্চে প্রার্থনায় সমবেত ছিলেন। তাঁদের এক বিরাট অংশ মারা পড়েছিলেন। তার পরে ভূগর্ভ থেকে বেরিয়ে এল আগুন। শুরু হল অগ্নিকাণ্ড। তারপরেই বিস্তীর্ণ এলাকা জুড়ে ছুটে আছড়ে পড়ল সুনামি। লিসবন শহর ধ্বংসস্তূপ হয়ে গেল।  এরপরই ১৭ মে ১৭৫৬ থেকে ১৫ ফেব্রুয়ারি ১৭৬৩ অবধি ছয় বৎসর আট মাস চার সপ্তাহ একদিন ধরে ইউরোপে এক বিশাল যুদ্ধ বাধল। তার একপক্ষে ছিল গ্রেট ব্রিটেন, প্রাশিয়া, পর্তুগাল; আর অন‍্যপক্ষে ছিল ফ্রান্স, অস্ট্রিয়া ইত‍্যাদি। পিঠোপিঠি ঘটে যাওয়া লিসবনের ভূমিকম্প এবং এই যুদ্ধ বালক গ‍্যেটের মনে 'ঈশ্বর পরম করুণাময়' এই ধারণায় সংশয় গড়ে দেয়।

ছোটবেলায় গ‍্যেটে ছবি আঁকতে চেয়েছিলেন। আর তার পরেই সাহিত্যের দিকে তাঁর মন গেল। ইতিহাস এবং ধর্মতত্ত্ব নিয়ে নানা বইপত্র তিনি পড়ে ফেললেন। তাঁর এই নানামুখী আত্মজিজ্ঞাসা ও প্রশ্নশীলতা তাঁকে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করে।

 মরফোলজি বা অঙ্গসংস্থানবিদ‍্যা এবং রঙের তত্ত্ব নিয়ে তিনি অনেক লেখালেখি করেছেন। ১৭৯০ এর দশকে তিনি জৈববিদ‍্যুৎ বা বায়োইলেকট্রিসিটির প্রবক্তা ইতালীয় বিজ্ঞানী লুইজি গ‍্যালভানি ( ৯ সেপ্টেম্বর ১৭৩৭ - ৪ ডিসেম্বর ১৭৯৮) র পরীক্ষা নিরীক্ষাগুলি নিয়ে চর্চা করলেন। মানুষের ও বিভিন্ন প্রাণীর অ্যানাটমি নিয়েও তিনি চর্চা করেছেন। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ নিয়ে জানা চেনার আগ্রহ ছিল তাঁর। আর তাঁর ব‍্যক্তিগত সংগ্রহে যে বিপুল পরিমাণ খনিজ পদার্থের সংগ্রহ ছিল, তা সেকালে ব‍্যক্তিগত স্তরে কারো ছিল না। ভূতত্ত্ব নিয়ে তাঁর আগ্রহের আর একটি বড় প্রমাণ হল সারাজীবন ধরে নানা রকম পাথর সংগ্রহ করে বেড়ানো। মৃত্যুর সময়ে প্রায় ১৭৮০০ পাথরের সংগ্রহ তাঁর ছিল।

 স‍্যামুয়েল টমাস ভন সমারিং (২৮ জানুয়ারি ১৭৫৫ - ২ মার্চ ১৮৩০) ছিলেন একজন জার্মান চিকিৎসক ও বিজ্ঞান জিজ্ঞাসু। তিনি একটি হাতির খুলি গ‍্যেটেকে চর্চা করবার জন্য ধার দিয়েছিলেন। ১৭৮০ থেকে ১৭৯০ এই দশকে গ‍্যেটে যখন প্রাণিতত্ত্ববিদ‍্যা চর্চা করছিলেন, তখন এই হাতির খুলির সূত্রে ইন্টারম‍্যাক্সিলারি হাড়ের ব‍্যাপারে চর্চা করেন। ইন্টারম‍্যাক্সিলারি হাড়কে এখন প্রিম‍্যাক্সিলা হাড় বলা হয়। মানুষের শরীরে প্রিম‍্যাক্সিলা হাড়টি ম‍্যাক্সিলা হাড়ের সঙ্গে জড়িয়ে মিশে গিয়েছে। মানুষের ম‍্যাক্সিলা হাড় উপরের দিকের চোয়াল গঠন করেছে। খুলির ঠিক মাঝখানে নাকের নিচে যে অংশটা আছে, ওকে বলে ইন্টারম‍্যাক্সিলারি সুচার। বাম ও ডান, দুদিকের দুই চোয়ালের হাড় ওই ইন্টারম‍্যাক্সিলারি সুচার এ এসে জুড়ে গিয়েছে। মানুষের দুটি চোয়ালের একেবারে সামনে কৃন্তক দন্ত রয়েছে। উপরের চোয়ালে চারটি এবং নিচের চোয়ালে চারটি, সব মিলিয়ে এই মোট আটখানা কৃন্তক দন্ত আছে। এদের কাজ হল কামড়ে ছেঁড়া।  ১৭৮৪ খ্রিস্টাব্দে ২৭ মার্চ তারিখে জার্মান কবি, দার্শনিক ও সাহিত্য সমালোচক য়োহান গটফ্রিড হার্ডার ( ২৫ আগস্ট ১৭৪৪ - ১৮ ডিসেম্বর ১৮০৩) কে লিখছেন:

না, আমি সোনা রূপা নয়, এমন একটা জিনিস খুঁজে পেয়েছি যা আমাকে ভীষণভাবে খুশি করে দিয়েছে।সেই জিনিসটা হল মানুষের শরীরে ইন্টারম‍্যাক্সিলারি হাড়! লোডার সাহেবের সঙ্গে একযোগে আমি মানুষের আর জন্তুর খুলি নিয়ে তুলনামূলক চর্চাভাবনা করছি, এমন সময় ওর ছাপটি খুঁজে পেলাম।লোডার হলেন জাস্টাস ফার্দিনান্দ ক্রিশ্চিয়ান লোডার ( ১২ মার্চ ১৭৫৩ - ১৬ এপ্রিল ১৮৩২) হলেন একজন জার্মান অ্যানাটমি বিশেষজ্ঞ। বয়ঃকনিষ্ঠ লোডারের কাছে গ‍্যেটে অ্যানাটমি শিখতেন।গ‍্যেটে  সমারিং সাহেবের ধার দেওয়া হাতির খুলিটি চর্চার মধ‍্য দিয়ে বিভিন্ন স্তন‍্যপায়ী প্রাণী যে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছিল, এমন একটি ধারণা গড়ে তোলেন। এই ঘটনার অনেকদিন পরে, গ‍্যেটের মৃত্যুর আঠাশ বছর পরে ১৮৫৯ খ্রিস্টাব্দে বেরিয়েছিল 'অরিজিন অফ স্পিসিস' নামে বিশ্ববিখ্যাত বই। লিখেছিলেন চার্লস ডারউইন (১২ ফেব্রুয়ারি ১৮০৯ - ১৯ এপ্রিল ১৮৮২)।

 ডারউইনের তত্ত্ব বলতে আজ আমরা বুঝি প্রাকৃতিক নির্বচনের মধ‍্য দিয়ে নব নব জীবপ্রজাতির উদ্ভব। ডারউইন বলেছিলেন, দীর্ঘ সময়কালে প্রজাতিগুলি পরিবর্তিত হয়, আজকের প্রজাতি থেকে আগামী দিনে ভিন্নতর প্রজাতি উদ্ভূত হয়। আরো বললেন, সব প্রজাতিই একটি সাধারণ পূর্বপুরুষ হতে বিকশিত হয়েছে। মিউটেশন বা পরিবর্তন এবং সিলেকশন বা নির্বচন, এর মধ‍্য দিয়ে বিবর্তনের পথে ভিন্ন ভিন্ন প্রজাতির সৃষ্টি, এমন একটি কথা ডারউইন তাঁর 'অরিজিন অফ স্পিসিস' বইতে বললেন। কিন্তু এ কথারই যেন  প্রতিধ্বনি আগেভাগে করে রেখেছিলেন গ‍্যেটে। গ‍্যেটের সম্মানে ওই খুলির হাড়টি আজ 'গ‍্যেটের হাড়' বলে পরিচিত। এমনকি ওই খুলিটি যে হাতির, তার নামও 'গ‍্যেটের হাতি' হয়ে গিয়েছে। জার্মানির হেসে প্রদেশের কাসেল জেলায় অটোনিয়াম নামে একটি প্রাকৃতিক ইতিহাসের মিউজিয়াম রয়েছে। সেখানে এই হাতিটির কঙ্কাল রয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে বোমাবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায়  হাতিটির চামড়াটি যা সমারিং সংরক্ষণ করেছিলেন, তা নষ্ট হয়ে গিয়েছে। গাছ নিয়েও গ‍্যেটের অনবদ‍্য ভাবনা ছিল। তিনি বলেছেন, গাছের পাতাটাই যেন সমগ্র গাছ হয়ে উঠেছে। উদ্ভিদ জিনিসটা গ‍্যেটের মতে আগাপাশতলা একটা পাতা ছাড়া আর কিছুই নয়। আর উদ্ভিদের সমস্ত কিছুই একে অপরের সঙ্গে প্রগাঢ়ভাবে এক হয়ে রয়েছে। ওই পাতাই মুকুলের জন্ম দিচ্ছে, যৌনমিলনের প্রয়োজন বুঝে সময়মতো ফুল গড়ে তুলছে। গাছের বীজপত্র থেকে শুরু করে যে পাতা সালোকসংশ্লেষ করে, আর তার ফুলের যে পাপড়ি বর্ণবিন‍্যাস করে, সৌরভের ডালি ভরে কীটপতঙ্গকে আকৃষ্ট করে বংশবিস্তারের চেষ্টা করে, এ সমস্ত কিছুর মধ‍্যে গ‍্যেটে একটা সঙ্গতি ও সংহতি দেখতে পেয়েছিলেন। এইসব কথাই গ‍্যেটে তাঁর 'মেটামরফোসিস অফ প্ল‍্যান্টস' বইতে লিখেছিলেন। বইটি প্রকাশিত হয়েছিল ১৭৯০ খ্রিস্টাব্দে।

 

আবহবিজ্ঞানেও গ‍্যেটের চিন্তা ভাবনার স্ফূরণ ঘটেছে। ইতালীয় গণিত পদার্থবিদ ইভানজেলিস্তা টরিসেলি (১৫ অক্টোবর ১৬০৮ - ২৫ অক্টোবর ১৬৪৭)র বায়ুর চাপ সংক্রান্ত ধারণাকে কাজে লাগিয়ে গ‍্যেটে একটি খুব সরল অথচ সংবেদী ব‍্যারোমিটার তৈরি করেছিলেন। একটি বদ্ধমুখ অর্থাৎ সীল করা কাচের পাত্রে একটি শুঁড়ের মতো অংশ থাকত, যার সরু অগ্রভাগটি প্রকৃতিতে খোলাভাবে থাকত। কাচপাত্রটি অর্ধেক জলভর্তি থাকত। বাতাসের চাপ কমে গেলে শুঁড়ের মতো অংশটি দিয়ে জল খানিকটা উঠে যেত। আবার চাপ বেড়ে গেলে শুঁড়ের জল নেমে আসত। এই ব‍্যারোমিটারটির নাম দেওয়া হয়েছিল 'গ‍্যেটের ব‍্যারোমিটার'। রঙ জিনিসটা ঠিক কি, আর কী তার চরিত্র এবং ধর্ম, তাই নিয়ে 'থিওরি অফ কালারস' নামে বই লিখলেন গ‍্যেটে। মূল বইটি জার্মান ভাষায় ১৮১০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর এর ইংরেজি সংস্করণ বেরিয়ে ছিল গ‍্যেটের প্রয়াণের বছর আষ্টেক পর, ১৮৪০ খ্রিস্টাব্দে। স‍্যর আইজ‍্যাক নিউটন ( ৪ জানুয়ারি ১৬৪৩ - ৩১ মার্চ ১৭২৭) তাঁর বছর তেইশ বয়সে, ১৬৬৬ খ্রিস্টাব্দে লক্ষ্য করেছিলেন একটি প্রিজমের ভিতরে সূর্যের আলো, যা কিনা বাস্তবে সাদা আলো, তা প্রবেশ করালে বিভিন্ন রঙের আলো নির্গত হয়। তাঁর আগে আরেকজন অসামান্য বিজ্ঞানী রেনে দেকার্তে ( ৩১ মার্চ ১৫৯৬ - ১১ ফেব্রুয়ারি ১৬৫০) দেখিয়েছিলেন কাচের ভিতর অথবা জলের ভিতর সৌর আলোকরশ্মি প্রবেশ করালে রামধনু রঙ ফুটে ওঠে। নিউটন দেখিয়েছিলেন সৌর আলোর ভিতরে সব রকমের রঙ রয়েছে। আর সেই সৌর আলোকে  প্রিজমের ভিতর দিয়ে চালিত  করলে তার মধ‍্যে মিশে থাকা ভিন্ন ভিন্ন রঙ, নিউটন ভাবতেন রঙের করপাসল বা কণা, ভিন্ন ভিন্ন গতিবেগে ছুটতে গিয়ে আলাদা হয়ে যায়। নিউটন দেখালেন, লাল রঙের আলোকে একটি প্রিজম থেকে সংগ্রহ করে নিয়ে তাকে অন‍্য আরেকটি প্রিজমের মধ‍্য দিয়ে চালিত করলে সেই লাল রঙের আলোটির আর কোনো পরিবর্তন হচ্ছে না। এ থেকে তিনি ধারণা করলেন আলোর যে রঙ, তা আলোর মধ‍্যে আছে; প্রিজমে নেই। প্রিজম কোনো রঙ তৈরি করতে পারে না। শুধু আলোর আলোর মধ‍্যে যে ভিন্ন ভিন্ন রঙ মিলে মিশে থাকে, প্রিজম তার গঠনবৈশিষ্ট‍্যের জন‍্য সেই রঙগুলিকে আলাদা আলাদা ভাবে দেখাতে পারে। নিজের বক্তব্য সপ্রমাণ করবার জন্য নিউটন প্রিজম দিয়ে সাদা আলো থেকে বর্ণালী তৈরি করার পর তাকে আবার একটি লেন্স ও দ্বিতীয় আরেকটি প্রিজম ব‍্যবহার করে  দেখালেন, তা পুনরায় সাদা আলো হয়ে যায়। আলো নিয়ে নিউটনের এই পরীক্ষাটা একটা বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়ে দিয়েছিল।

 


তেইশ বছরের তরুণ যে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন, তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছল যখন, তখন তাঁর বয়স বাষট্টি। রঙ ও আলো নিয়ে নিউটনের প্রায় চল্লিশ বছর ব‍্যাপী গবেষণা ও চর্চালব্ধ জ্ঞান 'অপটিক্স' নামে বইতে প্রকাশ পেল। প্রথমে ইংরেজি ভাষায় ১৭০৪ খ্রিস্টাব্দে 'অপটিক্স' বেরিয়েছিল। পরে ১৭০৬ এ তার একটি ল‍্যাটিন সংস্করণ বেরোয়। নিউটনের প্রয়াণের বাইশ বছর পর জন্মেছিলেন গ‍্যেটে। কিন্তু ওই যে নিউটন সাদা আলোকে বিশ্লেষণ করে দেখালেন যে তা আসলে ভিন্ন ভিন্ন রঙের আলোর সমবায়ে তৈরি, এই ধারণাটি গ‍্যেটের পছন্দ হয় নি। গ‍্যেটে আসলে রঙ চোখের মধ‍্যে কি প্রভাব ঘটায় তা নিয়ে যত্নসাধ‍্য ও নিয়মনিষ্ঠ চর্চা করেছিলেন। তাঁর চর্চার পথ ছিল নন্দনতত্ত্ব ঘেঁষা। আধুনিক বিজ্ঞান কিন্তু দাবি করে কোনো একটা জিনিসকে বিশ্লেষণ করে তাকে গণিতের সূত্র হিসাবে প্রতিষ্ঠা করে দেখানো। গ‍্যেটে বলেছিলেন, রঙ আসলে একটি ঘন ঘোর অশান্ত মাধ‍্যমের মধ‍্যে আলো ও অন্ধকারের গতিশীল খেলা।

 

জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার (২২ ফেব্রুয়ারি ১৭৮৮ - ২১ সেপ্টেম্বর ১৮৬০) গ‍্যেটের থিওরি অফ কালারস (১৮১০) বইটির ভিত্তিতে তাঁর সঙ্গে ১৮১৩-১৪ খ্রিস্টাব্দে দীর্ঘ আলোচনা করেন। প্রথমে চব্বিশ পঁচিশ বছরের তরুণ শোপেনহাওয়ার গ‍্যেটের চিন্তা ভাবনা গ্রহণ করলেও ক্রমশই তাত্ত্বিক প্রশ্নে মতবিরোধ হতে থাকে। গ‍্যেটের বয়স তখন পঁয়ষট্টি বৎসর। তরুণ শোপেনহাওয়ারের সঙ্গে বিতর্কে জড়াতে গ‍্যেটের ভাল লাগে নি। তিনি নিজেকে শোপেনহাওয়ারের থেকে দূরে সরিয়ে নেন। শোপেনহাওয়ার মনে করতেন, ছায়াময় মেঘলাটে অন্ধকার আলোর সঙ্গে নানা মাত্রায় মিলেজুলে বর্ণ তৈরি করে। আর সেই বর্ণালীর দুই প্রান্তের চূড়ান্ত বিন্দুতে রয়েছে সাদা এবং কালো। আর তারই মধ‍্যে আলো আর অন্ধকারের ভিন্ন ভিন্ন আনুপাতিক মিশ্রণে তৈরি হয় ভিন্ন ভিন্ন রঙ। আর্থার শোপেনহাওয়ার নিজের তত্ত্বকে 'অন ভিশন অ্যাণ্ড কালারস' নামে ১৮১৬ সালের মে মাসে প্রকাশ করলেন। তখন তাঁর আঠাশ বছর বয়স। শোপেনহাওয়ার নিজের তত্ত্বকে গ‍্যেটের তত্ত্বের চাইতে উচ্চতর জায়গায় রাখলেও গ‍্যেটের তত্ত্ব যে তাঁর ভাবনাকে উদ্দীপ্ত করেছিল, সে স্বীকৃতি দিতে কুণ্ঠিত হন নি। রঙ নিয়ে গ‍্যেটের গবেষণা আরেকজন বিশ্ববন্দিত দার্শনিক অধ‍্যাপককে চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করেছিল। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক অস্ট্রিয়ান দার্শনিক লুডউইগ উইটজেনস্টাইন (২৬ এপ্রিল ১৮৮৯ - ২৯ এপ্রিল ১৯৫১)। তিনি ভাষার দার্শনিকতা, গণিতের দার্শনিকতা ও তর্কশাস্ত্র নিয়ে কাজ করে গভীর প্রভাব রেখে গিয়েছেন। উইটজেনস্টাইন তাঁর বাষট্টি বছরের জীবনের একেবারে অন্তিমে মৃত্যুর এক বছর আগে, ১৯৫০ খ্রিস্টাব্দে গ‍্যেটের থিওরি অফ কালারস সূত্রে একটি পাণ্ডুলিপি তৈরি করেন। উইটজেনস্টাইনের মৃত্যুর পর ১৯৫১ খ্রিস্টাব্দে 'রিমার্কস অন কালার' নামে সে বইটি প্রকাশিত হয়।

 

আরেকজন তরুণ জার্মান দার্শনিক নোভালিস ( ২ মে ১৭৭২ - ২৫ মার্চ ১৮০১) যাঁর প্রকৃত নাম গেওর্গ ফিলিপ ফ্রিডরিশ ফ্রেইহার ভন হার্ডেনবার্গ অকুণ্ঠভাবে গ‍্যেটের প্রশংসা করে গিয়েছেন। বলেছেন, গ‍্যেটের গবেষণাগুলি পদার্থবিজ্ঞানে যুগান্তর এনে দিয়েছে। একজন শিল্পী তাঁর নিজের জগতে থেকে এইভাবে আমাদের শিক্ষিত করে গেলেন, যা অতিক্রম করতে আমাদের সেই মাপের কঠিন পরিশ্রম করতে হবে, যেভাবে প্রাচীন জ্ঞানসাধকদের অবদান অতিক্রম করে যেতে হয়। নোভালিসের মৃত্যু হয়েছিল আঠাশ বছর বয়সে। বেশ বোঝা যায়, গ‍্যেটের গবেষণা তরুণ দার্শনিকদের মনে গভীর প্রভাব বিস্তার করেছিল। দীর্ঘ জীবনে ঈশ্বর নিয়ে নানাবিধ টীকাটিপ্পনী কেটেছেন গ‍্যেটে। তিনি বলেছেন, ঈশ্বর যদি আমাকে অন‍্য রকম করে গড়তে চাইতেন, তা তিনি করতেই পারতেন। বলেছেন, একটা লোক যেমন, তার ঈশ্বরও ঠিক তেমনি। ওই কারণেই ঈশ্বরকে নিয়ে এত ঠাট্টা মজা ইয়ার্কি করা যায়। দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক গবেষণা করতে করতে প্রকৃতির নিয়মগুলি খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছিলেন গ‍্যেটে। সেই চর্চার জোরে প্রাকৃতিক বৈজ্ঞানিক নিয়মের উচ্চতাগুলি উপলব্ধি করেছিলেন তিনি। সেই পুঁজিতে মজার ছলে বলেছিলেন, প্রকৃতি এতটাই সঠিক যে ট্রিনিটির পক্ষেও তাকে আরো বেশি সঠিক করার উপায় নেই। প্রকৃতি যেন এক অর্গান যন্ত্র, তাতে আমাদের ভগবান চাবি টিপে চলেছেন আর শয়তান তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেলো ঠেলে হাওয়া যোগাচ্ছেন।

 

 ট্রিনিটির স্থান খ্রিস্টীয় ধর্মীয় পরিমণ্ডলে খুব উঁচুতে। সেটি পিতা পুত্র আর পবিত্র আত্মার সম্মিলিত ঐক্যবদ্ধ ধারণা। ট্রিনিটির পক্ষে প্রকৃতিকে বাগে আনা অসম্ভব এই কথা বলে, আর শয়তান ও ভগবানকে যৌথভাবে অর্গান বাজানোর কাজে লিপ্ত দেখিয়ে নিজের মানসিক গঠনটা খুব সপাটে বলে নিয়েছেন গ‍্যেটে। ঈশ্বরকে একটা খামখেয়ালি অস্তিত্ব হিসেবে বর্ণনা করে বললেন, ঈশ্বর আমাদের চাইতে ঢের বেশি শক্তিমান আর অনেক বেশি বুদ্ধিমান। তাই তিনি আমাদের নিয়ে যেমন ইচ্ছে খেলতে ভালবাসেন। ১৮২৭ খ্রিস্টাব্দে জার্মান সুরসাধক  বন্ধু কার্ল জেল্টার ( ১৭৫৮ - ১৮৩২) কে একটি চিঠিতে গ‍্যেটে লিখেছিলেন, বিশ্বের বিরূপ চাপে আমরা উৎসাহ উদ্দীপনা পাই, চাপেও পড়ি। আমরা যদি আমাদের নিজেদের সাহায্য করি, তাহলেই ঈশ্বর আমাদের সাহায্য করে থাকেন। ধর্ম সম্পর্কে বলেছিলেন, যার চর্চায় আর্ট আর সায়েন্স রয়েছে, ধর্ম তাকে ধারণ করে রয়েছেন। যার চর্চায় তা নেই, তারই ধর্মের দরকার বটে। ১৮৩১ খ্রিস্টাব্দে জীবনের অন্তিম পর্বে গ‍্যেটে বললেন, ওই যে লোকে কনফেশন করে, ওইটি আমার মেজাজের সঙ্গে ঠিক যায় না।

 


প্রবীণ বয়সে ১৭৭২ থেকে ১৭৭৫ খ্রিস্টাব্দে গ‍্যেটে লিখলেন তাঁর মাস্টারপিস, বা ম‍্যাগনাম ওপাস বা তাঁর সেরা রচনাটি, ফাউস্ট। এটি একটি ট্র‍্যাজিক নাটক। ফাউস্ট এর ধারণা রয়েছে জার্মান লোককথায়। মধ‍্যযুগীয় এক লিজেন্ডে ফাউস্ট নামে এক গুরুত্বপূর্ণ চরিত্র পাওয়া যায়, যে জ্ঞান আর ক্ষমতা পাবার জন‍্য নিজের আত্মাটিকে শয়তানের কাছে বেচে দিয়েছিল। ফাউস্ট শব্দটি নানার্থ। কখনো এ শব্দের অর্থ ভাগ‍্যবান, আবার কখনো ম‍্যাজিশিয়ান। তবে ফাউস্ট যে শয়তানের সঙ্গে জোট বেঁধেছিল এ কথা বহুদিন ধরেই চলে আসছে। গ‍্যেটের নাটকে আমরা পাব হাইনরিশ ফাউস্টকে, একজন প্রবীণ জ্ঞানভিক্ষু বুদ্ধিজীবী নাগরিক। আর আছে একটা রাস্তার কুকুর, মেফিস্টোফিলিস, ও যেন শয়তান। আর আছে একটি মেয়ে, মার্গারেট, তার থেকে সংক্ষেপ করে আদরের নাম তার গ্রেচেন। গ্রেচেন নামে নবীনা মেয়েটি প্রবীণ ফাউস্টের ভালবাসার পাত্রী।ভগবানের সঙ্গে শয়তানের কথা হচ্ছিল। শয়তান ভগবানের সঙ্গে বাজি রাখল যে সে জ্ঞানী ফাউস্টকে অধিকার করবে। গ‍্যেটে দুইখণ্ডে এই ট্রাজিক নাটক রচনা করেছিলেন। ১৭৯০তে একটি মুদ্রণ হলেও সেটিকে মেজে ঘসে ফাউস্টের প্রথম খণ্ড হিসেবে বেরোলো ১৮০৬ খ্রিস্টাব্দে। দ্বিতীয় খণ্ডটি গ‍্যেটের জীবনের অন্তিম বৎসর ১৮৩১ এ লেখা হয়ে প্রকাশ হল ১৮৩২ এ, লেখকের মৃত্যুর পর। ফাউস্ট নাটকে পাই ফাউস্ট ঈশ্বরবিশ্বাসী কি না, গ্রেচেনের এই প্রশ্নের উত্তরে ফাউস্ট বলছেন:

 

Leave that, child! Truly, my love is tender;

For love, blood and life would I surrender,

For Faith and Church, I grant to each his own.

 

My darling, who shall dare

‘I believe in God!’ to say?

Ask priest or sage the answer to declare,

And it will seem a mocking play,

A sarcasm on the asker.

 

Hear me not falsely, sweetest countenance!

Who dare express Him?

And who profess Him,

Saying, I believe in Him?

Who, feeling, seeing,

Deny His being,


Saying: I believe Him not!

 

সাধে গ‍্যেটে সম্পর্কে পরম শ্রদ্ধায় কবি হাইনরিশ হাইনে ( ১৩ ডিসেম্বর ১৭৯৭ - ১৭ ফেব্রুয়ারি ১৮৯৬) বলেছেন,

" দি গ্রেট হীদেন, অর্থাৎ মহান ধর্মহীন!"

 

 



উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...