শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

ডেস্টিনেশন - রাজাভাত খাওয়া - দেবাশিস ভট্টাচার্য

ডেস্টিনেশন - রাজাভাত খাওয়া 



 উঠলো বাই  তো রাজাভাতখাওয়া যাই । 

কবি সুবীর সরকারের বাই উঠলেও বলবে চলো রাজাভাতখাওয়া...  রাজাভাতখাওয়া নামটাই আস্ত একটা ইতিহাস।  সে ইতিহাস  নাহয় অন্য কোনো দিন... 

আসলে আমাদের মূল আকর্ষণ রাজাভাতখাওয়ার  নৈসর্গিক সৌন্দর্যই। প্রকৃতির টানে আমরা বারেবারে ছুটে যাই, সে টান বড় মোহময় সেই কারনে কবি লেখক তো বটেই ভীড় জমান দেশ বিদেশের পর্যটকরাও। 

 চতুর্দিকেই অরণ্য বেষ্টিত। প্রাকৃতিক সৌন্দর্যেও একের সাথে অপরের ফারাক আছে বিস্তর ।  তবে  আমার ভীষন ভালো লাগে রাজাভাতখাওয়ার প্রাকৃতিক রূপ লাবন্যতা । কোন তুলনা টানছি না , তবে এ অন্যরকম একটা ডেস্টিনেশন। তাই  সুযোগ পেলেই চলে আসি সবুজের এই স্বর্গরাজ্য রাজাভাতখাওয়ায় । 

উদ্বোধন করেন - উত্তরের অন্যতম সাহিত্যিক  
অমিয় ভূষন মজুমদার 
আলিপুরদুয়ার জংশন থেকে আক্ষরিক অর্থেই  ঢিল ছোড়া দূরত্বে  দমনপুর। এখান থেকেই শুরু হয়ে যায়  অরণ্যের  হাতছানি।  মেসটিকের কালো রাস্তার দুইপাশেই  বক্সা বাঘবনের ঘন জঙ্গল। সারি সারি শাল , শিরিষ , সেগুন , মেহগনী যেন হাত নেড়ে নেড়ে পর্যটকদের স্বাগত  জানায় ।  একটু দূরেই পানিঝোড়া, পাশেই পাম্পুবস্তি এখানে অরণ্যঅধিবাসীদের বসত।  পাম্পুবস্তিতে কয়েকটি দোকান রয়েছে যেখানে মিলবে সুস্বাদু মোমো ঘুগনি চা ইত্যাদি।  একটু এগিয়েই প্রকৃতিবিক্ষণ কেন্দ্র , প্রজাপতি পার্ক , শকুন প্রজনন কেন্দ্র , রজাভাতখাওয়ার  মিউজিয়ামে মিলবে  প্রাচীন প্রানীর  দেহাবশেষ, ডিম, ডুয়ার্সের জনজাতির পরিচিতি সহ অনেক কিছুই, এখান থেকে অনেক কিছুই  জানতে ও শিখতে পারি প্রতিনিয়ত। নিশির ডাকের মতো এই অরণ্যের মোহ আমাকে বারবার মোহিত করে, তার কাছে  আসতে আহ্বান করে।  শারীরিক অসুস্থতা কিংবা মানসিক অবসাদ কিংবা নানা  রকম  কষ্ট যন্ত্রণা  এই অরণ্য আমার কাছে নিরাময়ের আশ্রয়।

চিত্র-নেট থেকে সংগ্রহ 

 রাজাভাতখাওয়ায় রয়েছে ব্রিটিশ রেল  কোম্পানির তৈরি এক প্রাচীন রেল স্টেশন, অরণ্যের বুক চিরে অজগরের মতো আকাবাকা রেলপথ। আলিপুরদুয়ার শহরে প্রাচীন যে কয়টি নিদর্শন এখনো রয়ে গেছে তার মধ্যে অন্যতম রাজাভাতখাওয়ার ছোট্ট স্টেশনটি। সুন্দর বার্মাটিক লাল রংয়ের, একলা  নির্জন  এই বনানী স্টেশনটি রাজাভাতখাওয়াকে করে তুলেছে আরো আরো মনোরম। বনানীর মাঝে স্টেশনটির রূপ রং যেন আলাদা, এমন সুন্দর স্টেশন আমি খুব কমই দেখেছি।  স্টেশনের প্ল্যাটফরমে বসে আমরা বারবারই  মগ্ন হয়েছি কবিতায় কবিতায়, গানে গল্পে...

একেবারে গা ছম ছম করা অরন্য পথ ধরে এগিয়ে গেলে মিলবে একটি শিব মন্দির একা একজন পুরোহিত  জঙ্গলের ভেতরে মন্দির আগলে রাখেন সর্বক্ষণ। মাঝে মাঝে  বাইরে থেকে আসা দর্শনার্থী , প্রকৃতিপ্রেমি মানুষজন,  পর্যটকরা এই মন্দিরে এসে পূজো দেন, পাশে-ই  সুন্দর একটি ওয়াচ-টাওয়ার তার পাশ দিয়েই চলে গেছে সরু অরণ্য পাহাড়ি পথ যে পথে মানুষের চলাচল নিষিদ্ধ। এই পথে দেখা মেলে বাইসন হাতি লেপার্ড হরিণ, বাঁদর, ময়ূর হর্নবিল  আর নানান প্রজাতির পাখিদের ,  এখানে ঝাঁকে  ঝাঁকে রংবেরঙের প্রজাপতি রং ছড়িয়ে উড়ে বেড়ায়। এই পথ দিয়েই বন্যেরা যাতায়াত করে ওদের করিডোরও বটে।  আরেকটু এগিয়েই তিন রাস্তার মোড়। ডান দিকে জয়ন্তী আর সোজা গেলে সান্তালাবাড়ি ও ঐতিহাসিক  বক্সাফোর্ট আরও উপরে আদমা, লেপচাখা, সিঞ্চুলা ইত্যাদি পাহাড় শিখর।  প্রচলিত একটা  কথা আছে , বন্যপ্রাণী দেখতে নাকি ভাগ্য লাগে,  এ কথাটা কখনও সত্যি বলেই মনে হয় না আমার  কারণ  জয়ন্তীতে যাব , আর রাস্তায় হরিণ, , হাতি , বাইশন দেখতে পাবো না , এমন কোনদিনই  হয় নি , হাতি বাইশন না হোক নিদেনপক্ষে  ময়ুর ও হরিণের দেখা তো মেলেই । বাদরের কথা না হয় বললাম না কারণ ওদের সব সময়ই দেখা যায়।  

একটু যদি জয়ন্তীর দিকে তাকাই  প্রথমেই আমাদের চোখে পড়বে বালা নদী- সারা বছর মরুভূমির মতো শুকনো থাকলেও  বর্ষাকালে এই নদী ভয়ংকর হয়ে ওঠে। এখন তো এ নদীতে ব্রিজ হয়েছে আগে আমরা হেটেই পার হতাম বালি পাথরের চর ডিঙ্গিয়ে জলের পার হয়ে। এই নদীতে হড়পা বান আসে। সে এক ভয়ঙ্কর ব্যাপার। 


তারপর জয়ন্তী আর জয়ন্তী নদী।  এই জয়ন্তীতেই এক সময় রেল স্টেশন ছিল। গড়ে উঠেছিল ডলোমাইট কারখানা এখান থেকে সংগ্রহ করা ডলোমাইট,  কাঠ ইত্যাদি এই স্টেশন থেকে  রেলগাড়িতে করে  যেত দেশের বিভিন্ন প্রান্তে। জয়ন্তী নদীর উপর একটি সেতু ছিল , ১৯৯৩ সালের বিধ্বংসী বন্যায় ধ্বংস হয়ে গেলেও  , চারটি পিলার এখন সেই সেতুর স্মৃতি বহন করছে, পাহাড়ি জয়ন্তী নদীর কাছে গেলেই  মনে হয় স্বর্গ বোধহয় অনেকটা এমন-ই, কাকের চোখের মত স্বচ্ছ জল কুল কুল করে বয়ে চলছে বালি, পাথরের এই নদী সাম্রাজ্যে। একটু দূরেই পাহাড়, পাহাড়ের উপর আকাশ  আর আকাশের  উপর ভেসে বেড়াচ্ছে রাশি রাশি মেঘপুঞ্জ।  পাশেই খাড়াই পাহাড়ের উপরে রয়েছে মহাকাল মন্দির। মহাকালের পুজোর সময় এখানে মেলা বসে, দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন এখানে। জয়ন্তী
বর্তমান সময়ের  জয়ন্তী রেলব্রিজ 
থেকেই
হয় জঙ্গল সাফারি শুরু হয়  এই সাফারিতে প্রায় নিরানব্বই  শতাংশ বন্যজন্তুদের দেখা মিলবেই  বাকি এক শতাংশ নির্ভর করে তথাকথিত ওই যে ভাগ্যের উপর । 

সানতালাবাড়ি একটি জঙ্গল ঘেরা পাহাড়ি গ্রাম ।এই সানতালাবাড়ি পর্যন্ত যানবাহন, তারপর পায়ে হেটে অর্থাৎ ট্রেকিং করে পাহাড় চড়তে হয়।  এখানকার জঙ্গল খুব সুন্দর। এখানেও ছুটে যাই ভালো লাগার টানে তবে মূলত রাজাভাতখাওয়াই আমার কাছে বেশি আকর্ষণীয়। 

ডিমা ব্রিজ 
চেকপোষ্টের বাঁদিকে রাজাভাতখাওয়া স্টেশন পেরিয়ে বাজার পেরিয়ে সোজা চলে যাওয়া যায় ডিমানদীর ব্রিজে। শহুরে  মানুষ  ইট পাথরের  কংক্রিট সভ্যতার বাইরে বেরিয়ে এখানে খানিক মুক্তির জন্যে ছুটে আসে রোজ, পাহাড়ের মুখোমুখি দুদন্ড দাঁড়ায়। ডিমা নদীর বালুকাবেলায় প্রকৃতির নিবিড় পাঠ নিতে নিতে প্রেমিক যুগলেরা কেউ কেউ হয়তো প্রেমের গল্প লেখে।আর আমি ফিরে আসি পরবর্তী লেখার জন্যে নতুন নতুন রসদ নিয়ে।





কল্প বিজ্ঞানের গল্প 'পরেশনাথের নতুন বন্ধুরা' লেখক মনোজ পাইন

  পরেশনাথের নতুন বন্ধুরা



শেষ পর্যন্ত পরেশনাথ পৌঁছালেন  স্টেশনে।  ইণ্টারসিটি এক্সপ্রেস চলে গেছে মিনিট কয়েক আগে।পরের ট্রেন এখন অনেক দেরিতে। লোকজন চোখে পড়ছে না।ট্রেন মিস, তবুও প্রশান্তি মনে। মানুষজন,ভিড়ভাড় এখন একদম না পসন্দ তার।সন্ধ্যার বাতাস বইছে।শেষ আশ্বিনে হালকা  শীত, একদম বেমানান।আগে হলে এখানে ঠান্ডায় জমে যেতে হতো। মানুষজনের সাথে সাথে আবহাওয়া কত বদলে গেল!পরেশনাথের মনে প্রশ্ন আবহাওয়ার জন্য মানুষ বদলেছে নাকি মানুষের জন্য আবহাওয়া। পরেশনাথের হঠাৎ খেয়াল হলো পুরো স্টেশন চত্তর একদম সুনসান! জঙ্গলের দিকটায়,বেশ আলো আলো ভাব। প্রথম দেখায় যে কোনো মানুষের মনে ভ্রম দেখা দিতে পারে।হলও তাই, পরেশনাথ ভাবলেন দূরে কার্শিয়াং পাহাড়ের থেকে নেমে  আসা সার্চ লাইটের আলো। ভাবনার তাল কেটে যেতেই  মন সচকিত। বুঝতে পারলেন ভুল হচ্ছে। এতো দূর থেকে সার্চ লাইট জঙ্গলের ঐ জায়গায় এতো উজ্জ্বল হতে পারে না।  পরেশনাথের মনে বিভিন্ন সম্ভাবনার কথা উঁকি দিচ্ছে। এদিকে স্টেশন চত্ত্বরে আরও সুনসান। নিজের এইসব উল্টোপালটা চিন্তা ভাবনায় খুব বিরক্ত হলেন পরেশনাথ। কোথা থেকে আসে এই সব উল্টোপাল্টা ভাবনা কে জানে।পকেট হাতড়ে বার করে আনলেন সিগারেটের প্যাকেট,চিঁড়ে চ্যাপ্টা অবস্থা, তবে সিগারেটগুলো ভালোই আছে। একই ভাবে খু্ঁজে বার করলেন দেশলাই। অন্যমনস্ক ভাবে জ্বালানোর চেষ্টা করলেন, বার কয়েক ব্যর্থ হওয়ার পর খেয়াল হলো,আগুন জ্বলছে না!কিন্তু কেন? মনে মনেই প্রশ্ন করলেন নিজের কাছে, হাওয়ার চলাচল তো নেই! তাহলে? ঝটপট চারিদক ভালো করে পরখ করে নিলেন।না কেউ নেই!  "কোথাও কেউ নেই" - অস্ফুটে বললেন।আবারও চেষ্টা করলেন দেশলাইয়ের গায়ে বারুদ কাঠি ঘষে! কিন্তু এবারেও জ্বললো না।রাগে ছুড়ে ফেললেন সিগারেট সহ দেশলাই,মাটিতে না পড়ে  ফিরে  এলো দ্বিগুণ বেগে,এমন ভাবে  যেন কেউ তীর নিক্ষেপ করছে তার দিকে! অসীম সাহসী মানুষও চমকে যাবে,ভয় মিশ্রিত চোরা স্রোত বইবে শরীর জুড়ে। হলও তাই। পরেশনাথ ভিতু নন কোনো কালেই, তার উপর এমন মানুষজন নিজেদের সঞ্জানে কখনো নিজেকে ভিতু বলে মানেন না। তিনি তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। তারপর আবার ভালো করে চারিদিকে পরীক্ষা করলেন।  স্টেশনের অদূরে জঙ্গল।সেখানে তখনও উজ্জ্বল আলো। ভাবলেন কি হচ্ছে ওখানে কে জানে,এমন সময় হঠাৎ কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে।হুমড়ি খেয়ে পড়লেন স্টেশনের কংক্রিটে।উঠে দাঁড়াতে চেষ্টা করতেই আবার ধাক্কা! পরেশনাথ দ্বিতীয় ধাক্কা খাওয়ার পর প্রচন্ড রেগে গেলেন, কার এতো হিম্মত যে ওকে ধাক্কা দেয়? আবারও চেষ্টা করতেই পুনরায় ধাক্কা।পরেশনাথ রাগের  সাথে সাথে বিষ্মিত।চিৎকার করে উঠলেন। কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ভয়ে মানুষের আওয়াজ বন্ধ হয়! তাহলে কী তিনি ভীত? মনে জেগে ওঠা প্রশ্নটিকে প্রায় গলা ধাক্কা দিয়ে, উঠে দাঁড়াবার চেষ্টা করলেন। তখনই ঘটে গেল অবাক করা এক ঘটনা।চোখের পলকে।তাকে ওই অবস্থায় উড়িয়ে নিয়ে চলল কেউ! আর্ত চিৎকারে ভরিয়ে তুললেন, কিন্তু কেউ শুনতেও পেলনা। নির্জন স্টেশন চত্তর একই রকম নিরুৎসাহিত রইল পরেশনাথে ব্যাপারে। এদিকে ওর তখন অঞ্জান হবার জোগাড়, সে তিনি যতই সাহসী হন।ধীরে পাহাড়ের গায়ে জংগলের মাঝে পরেশনাথকে কেউ যেন নির্বিঘ্নে ল্যান্ড করলো। তিনি এটা বুঝে আশ্বস্ত হলেন যে উনি এখন যার কবলে সে ওনাকে মেরে ফেলবে না। ধড়ে প্রান ফিরে এলো তার।কিন্তু যে ভয় হৃদয়ে সঞ্চারিত হয়েছে তার পরিবর্তন নেই।

সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক যন্ত্র। আর সেখান থেকে বেরিয়ে আসছে আলো। বলা চলে আলোর ফোয়ারা। সামনে ছড়িয়ে ছিটিয়ে মানুষের মতো কিছু প্রানী। কিন্তু তাদের আকৃতি, অবয়বে মানুষের সাথে অনেক তফাত। পরেশনাথ বুঝতে পারছেন তারা কিছু বলছে,এবং তাকে উদ্দেশ্য করে। তিনি অনেক চেষ্টা করলেন বোঝার, কিন্তু এক বর্ণও বুঝতে পারলেন না। তবে তিনি এই বিষয়ে নিশ্চিত যে এই প্রাণীগুলো অন্য গ্রহের। পরেশনাথের এখন একদিকে ভয় আর অন্য দিকে বিষ্ময়! জেন পণ্ডিতের কাছে ভয় হল  পদস্খলনের যার থেকে তারা শত হাত দূরে থাকেন। তিনি মনে মনে গুরু চ্যান মাষ্টার শেং ইওয়েনকে স্মরণ করলেন । আর সেখান থেকে বেরিয়ে আসছে আলো। বলা চলে আলোর ফোয়ারা। সামনে ছড়িয়ে ছিটিয়ে মানুষের মতো কিছু প্রানী।কিন্তু তাদের আকৃতি, অবয়বে মানুষের সাথে অনেক তফাত। পরেশনাথ বুঝতে পারছেন তারা কিছু বলছে,এবং তাকে উদ্দেশ্য করে।তিনি অনেক চেষ্টা করলেন বোঝার, কিন্তু এক বর্ণও বুঝতে পারলেন না।তবে তিনি এই বিষয়ে নিশ্চিত যে এই প্রাণীগুলো অন্য গ্রহের। পরেশনাথের এখন একদিকে ভয় আর অন্য দিকে বিষ্ময়! জেন পণ্ডিতের কাছে ভয় হল  পদস্খলনের যার থেকে তারা শত হাত দূরে থাকেন। তিনি মনে মনে গুরু চ্যান মাষ্টার শেং ইওয়েনকে স্মরণ করলেন । একমাত্র তিনিই এখন তাকে পথ দেখাতে পারেন। সামনে ছড়িয়ে ছিটিয়ে মানুষের মতো কিছু প্রানী। কিন্তু তাদের আকৃতি, অবয়বে মানুষের সাথে অনেক তফাত। পরেশনাথ বুঝতে পারছেন তারা কিছু বলছে তাকে উদ্দ্যেশ্য করে, কিন্তু তিনি  নিরুপায়। কিছুই বুঝতে পারছি না। ওই প্রাণীদের একজন এসে তার  মাথায় কিছু একটা ঠেকাল।ঝিম ধরে গেল সারা শরীরে। কিছু সময় পরে  তার কাছে সব একদম পরিস্কার হয়ে গেল।তিনি সব কিছুই স্পষ্ট দেখতে পেলেন।ওদের কথাবার্তা সব একদম ক্লিয়ার।  বুঝতে পারছেন ওদের সব কথা বার্তা।


এইসব প্রাণীরা ভিন গ্রহের। তারা প্রায় মাস কয়েক আগে এই পাহাড় লাগোয়া জঙ্গলে নেমেছে। পৃথিবী আর মানুষ সম্পর্কে গবেষণা করার কাজে।তাদের এখন ফিরে যাওয়ার সময়।কিন্তু  বিপত্তি হয়েছে এক অদ্ভুত যন্ত্র হাতে এসে যাওয়ায়। কিছুদিন আগে রাতে ডাউন ইণ্টারসিটি এক্সপ্রেস সিগনাল না পেয়ে দাঁড়িয়ে ছিল পরের দিন সকাল পর্যন্ত। ওরা সেদিন রাতে ঘুমন্ত যাত্রীর হাতে চলতে থাকা  মোবাইল দেখে সবাই অবাক, বিস্মিত। সুযোগ বুঝে  তুলে নিয়ে  এসেছে সেই দামী যন্ত্রটিকে।অন্য গ্রহের প্রাণীগুলির প্রব্লেমের শুরুও তখন থেকে। ওরা কয়েক ঘণ্টার মধ্যে মোবাইল চালানো রপ্ত করে নিল,তারপর দিন কুড়ি টানা মোবাইল চালানোর পর ওরা একই রকমভাবে আরও কিছু মোবাইল চুরি করে আনলো। ওরা ফেসবুক, টুইটার আর মেসেঞ্জারে খুব মনোযোগ দিল যার ফল ফললো হাতে নাতে। খুব দ্রুততার সাথে মনোসংযোগ করার ক্ষমতা হারিয়ে ফেললো। হারিয়ে ফেললো ভাবনার ক্ষমতা। পরেশনাথ সব শুনে মনে মনে বিড়বিড় করলেন "মোবাইলের ওইসব দৈত্যরা সারা বিশ্বকে পঙ্গু করে ফেলছে,ভিন গ্রহের লোক বলে কি আর ছেড়ে দেবে?" এখন এই প্রাণীরা চাইছে ভাবনার আর মনোসংযোগের ক্ষমতা ফিরে পেতে ।তাছাড়া ওরা৷ ভাবনার ক্ষমতা ছাড়া  ওদের গ্রহে ফিরতে পারছে না। তাই ওরা ওনাকে এখানে ধরে নিয়ে এসেছে।এটা বুঝতে পারলেন যে শিলিগুড়িতে তিনি যে মনঃসংযোগের উপর এক আন্তর্জাতিক সেমিনারের বক্তা ছিলেন সে খবর ওদের জানা। শুধু তাই নয় তিনি যে একজন বিখ্যাত জেন পণ্ডিত তাও ওদের জানা। ওরা ওনাকেই খুঁজছিল। আর তিনি হঠাৎ গাড়ি ঘোড়া ছেড়ে লোকজন ছেড়ে একা একা  গুলমা স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ধরে তার মায়ের কাছে বনবস্তিতে ফিরতে চাওয়ায় ওদের সুবিধা হয়েছে। ওইসব প্রাণীরা নিজেদের মধ্যে কি সব আলোচনা করল। ই ভাষা বুঝতে পারলেন না পরেশনাথ, মানে পৃথক এক ভাষা। ওদের ওইসব কথাবার্তা হয়ে যাওয়ার পর যা বলল তখন তিনি সব আবার আগের মতোই বুঝতে পারলেন।


এখন পরেশনাথ ধ্যানে বসলেন, তাকে ঘিরে থাকা সকলেই একই রকম ধ্যানভঙ্গিমায়। তিনি সবাইকে প্রভু বুদ্ধের উপর মনন স্থির করতে বললেন, শেখাতে লাগলেন  ধ্যান সূত্রের নির্দেশগুলি। তার মনে ভেতরে  ভেতরে এক গভীর প্রশ্ন, এই গ্রহের প্রাণীগুলি এখন তার ভেতরে থাকা সবকিছু জানে তবুও এরা ওকে গুরু মেনে সবকিছু কেন শিখছে? মনে মনে পরম বন্ধু বলে মানলেন ওদের।




পাঠ প্রতিক্রিয়া্য - জয় দাস । প্রলয় নাগের গল্পগ্রন্থ 'কাকতাড়ুয়ার গল্প'

  কাকতাড়ুয়ার গল্প : উত্তরের প্রলয় জীবনের কথারা



প্রলয়ের সাথে সরাসরি পরিচয় নেই, ফেসবুকেই পরিচয়, ফেসবুকের ওয়ালে তার লেখাগুলি মন কাড়ত খুব। দিনহাটায় জাফরের বুকক‍্যাফে থেকে অনেকদিন আগে পাই প্রলয় নাগের 'কাকতাড়ুয়ার গল্প' গল্পগ্রন্থটি। আজ করোনার দ্বিতীয় টিকা নেওয়ার পর অবসরে দুপুরে পড়তে বসি গল্পগ্রন্থটি। শেষ না করে উঠতে পারলাম না প্রলয়ের লেখার গুনে, গল্প বলার নতুন লেখনীতে আর আশেপাশের পরিচিত পরিবেশের টানে। এই গল্পগ্রন্থটি ১২টি গল্পে সমৃদ্ধ। তারমধ‍্যে ৭টি গল্প অন‍্য নামের আর গল্পগ্রন্থের নামের সিরিজে আছে ৫টি গল্প। গল্পগ্রন্থটি উৎসর্গ করা আমার খুব প্রিয় একজন অধ‍্যাপক তপোধীর ভট্টাচার্য ও ওঁনার স্ত্রী স্বপ্না ভট্টাচার্য মহাশয় মহাশয়াকে।

প্রথম গল্পটির নাম 'ফড়িং'। গল্পটির পটভূমি কোচবিহারের মধুপুর ধাম পার করে তোর্ষার চরভূমি। যেখানে মুসলমান লেখাপড়া না করা ইয়াকুব ও হিন্দু অবস্থাসম্পন্ন লেখাপড়া করা ছেলে ফড়িং পরস্পর অভিন্ন হৃদয়ের বন্ধু। ইয়াকুবের সাথে মিশতে যাওয়া নিয়ে ফড়িংএর মায়ের নানান বিধিনিষেধ ছিল, তবে ফড়িং ইয়াকুবের সাথে মিশত। ইয়াকুবের হাত ধরে সে কোচবিহার শহর, রাজবাড়ি, সাগরদীঘি দেখতে বেড়িয়ে পড়ে। রিকশাওয়ালার ভুল ঠিকানা দেখিয়ে দেওয়াতে তারা সাগরদীঘির বদলে পৌঁছায় যৌনপল্লিতে, তবে তাদের হাত থেকে ছাড়া পেয়ে আবার তারা বাড়িতে ফেরে। ইয়াকুবের জন্য ফড়িংদের নৌকো তোর্ষায় ভেসে যায়, তবু ফড়িং ইয়াকুবের স্বাধীন জীবনের নেশা ত‍্যাগ করতে পারে না। ইয়াকুব নিজেকে বলত এই তোর্ষার রাজা, তোর্ষা ছেড়ে সে ভুটানে বাবার সাথে কাজ করতে যায় কিন্তু মন টিকিয়ে রাখতে পারেনি, সেখান থেকে নিরুদ্দেশ হয়ে সে স্টেশনে চায়ের দোকানে থাকে পাঁচ বছর সেখানেও মন বসেনি তার। অতঃপর তারজন‍্য তার মা তার বাবার কাছ থেকে তালাক পায়। নদীতে ভেসে ওঠা চরের দাঙ্গায় ইয়াকুব ফড়িংএর কাকার আঘাতে মরা যায়, ইয়াকুবের মা সিরাজ মিঞার সাথে বিয়ে করে চলে যায়, তাদের ঘর চর আবার ভাঙলে দখল করে ফড়িংরা কিন্তু ফড়িংএর মনে থেকে যায় ইয়াকুবকে। যে তার জন‍্য ভুটান থেকে পেট মোটা বুদ্ধের ছবি আনে, মিষ্টির দোকানে কাজ করার সময় মিষ্টি খাওয়ায়, নিরুদ্দেশ থেকে ফিরে এসে নিষিদ্ধ বই দেখায়। চরের জন‍্য জমির মালিকানার জন‍্য মরতে হয় ইয়াকুবকে। কামরাঙা গাছের এখনও ফড়িং খুঁজে বেড়ায় ইয়াকুবকে, যে একবার নিরুদ্দেশ থাকার পর মধুপুর মেলায় চোখ আটকে ফড়িংএর কাছে জানতে চায় সে কে? কিন্তু এবার ফড়িং বোঝে ইয়াকুব আর নেই। গল্পটি পড়তে পড়তে আমার মনে পড়ে চর জীবনকে নিয়ে লেখা দু'টি উপন‍্যাসের কথা একটি অমরেন্দ্র ঘোষের 'চরকাশেম' ও আরেকটি আবু ইসহাকের 'পদ্মার পলিদ্বীপ'। বুড়ো খোকাদের ভারত ভাগে আজও সহজখোকাদের মনের মিলে এভাবেই বাধা হয়।

দ্বিতীয় গল্পটি 'শিমুলতুলো'। বৌ মরা নারায়ণ আর তার আইবুড়ো মেয়ে শিমুলের গল্প। শিমুল তার গাভীকে নিয়ে সংসার বজায় রাখে, আর এদিকে তার বাবা নারায়ণ মেয়ের পরিশ্রমের টাকায় খেতে থাকে। গ্রামের হাঁটে আমরা আজও দেখি ভাঁওতাবাজি জ‍্যোতিষীদের তাদের তাবিজ, কবজের সরঞ্জামকে, একদিন নারায়ণের মেয়ের বিয়ে দেওয়ার হুশ হয় সে টাকার জন‍্য কোচবিহার মাথাভাঙ্গার নিশিগঞ্জের হাটে সেই লোক ঠকিয়ে টাকা উপার্জন করতে যায়। এদিকে শিমুল কখনই চায় না লোক ঠকানোর টাকায় তার বিয়ে হোক। শিমুলের গাভী মরে, বাছুর মরে পরে একদিন শিমুলও মরে। যে নারায়ণ হাঁটে লোকের ভাগ‍্য বলে, অনেক আইবুড়ো মেয়ের বিয়ে দেয় তাবিজের গুনে, সে তার মেয়ের বিয়ে কিংবা জীবন দিতে পারে না। যে শিমুল গাছ নারায়ণের বৌএর প্রিয়, যার কারণে মেয়ের নাম শিমুল, শিমুল মারা যাবার পর সেই গাছের তুলো নারায়ণের ভেজা শরীরেরও পেছন ছাড়ে না। পরিচিত পরিবেশে, পরিচিত অলস জীবিকায় কিভাবে সম্পর্ক ভাঙে প্রলয় নাগ আমাদের তা দেখান তার নিপুন গল্প বুনোটে।

তৃতীয় গল্প 'মহামায়া মিষ্টান্ন ভাণ্ডার'। তিনবার বিয়ে হওয়া মহামায়া স্বামী ছেড়ে আসে বাবার বাড়িতে। তার মা তাকে তিনবার বিয়ে দিতে নিঃস্ব হয়ে গেছে। মহামায়া তাই নিজের রোজগারের জন‍্য চায়ের দোকান খোলে। রূপের সাথে চা মিশিয়ে সে খোদ্দের বাড়ায়, কিন্তু কখনও সীমা ছাড়ায় না। মাঝে মাঝে যতীন তার গরম বাড়ায় তবু সে তার সীমানা ছাড়ায় না। বিডিও অফিসের সামনে তার চায়ের দোকান একদিন কৃষকদের আন্দোলনের আগুনে পুড়ে যায় তার সাধের দোকান, পুড়ে যায়, পরে মারা যায় তার একমাত্র সন্তান, পোড়ে তার রূপও। তবু যতীন তাকে জীবিকার জীবনে আনে কিন্তু রূপ পুড়ে যাওয়ায় আর খোদ্দের জোটেনা তেমন মহামায়ার। তবু যতীন মহামায়ার ভালোবাসা ছাড়ে না। 'তবু মহামায়ার মন নরম হয় না- আর যতীন হালও ছাড়ে না। যদিও যতীনের মাথার চুল আরও বেশি সাদা হয়ে গেছে।'(মহামায়া মিষ্টান্ন ভাণ্ডার, পৃ-৩৯)

চতুর্থ গল্প 'মহুয়ার গল্প'। সেখানে আছে অবৈধ পরকীয়া আর বাংলাদেশ ছেড়ে চলে আসে মহুয়া ইণ্ডিয়া। সেখানে সে আত্মহত‍্যা করা মৃত স্বামীর চেয়ে বেশি মনে করে অবৈধ প্রেমিক নিবারণ কবিরাজকে। মহুয়ার মেয়ে মারা যায় সাপের কামড়ে, এখনও প্রথা অনুযায়ী সে তার মেয়েকে ভাসিয়ে দেয় ভেলায়, মহুয়ার বিশ্বাস তার মেয়ে ভাসতে ভাসতে চলে যাবে নিবারণের কাছে, সেই বাঁচিয়ে তুলবে তার মেয়েকে। এই ভাবনায় সে জামালদা চ‍্যাংড়াবান্দা হয়ে অবৈধ পথে পৌঁছায় বাংলাদেশ। সেখানে দেখা হয় রশীদের সাথে। তার কাছে জানতে পারে নিবারণ মারা গেছে একটি মেয়েকে বাঁচাতে গিয়ে কিন্তু মেয়েটির গায়ের রং কালো। অবশেষে মেয়েকে খুঁজতে খুঁজতে লোকের চোখে পাগলী হয়ে ওঠে মহুয়া, তার ভারতে আসা হয় না। লেখক আশা জিইয়ে রাখে এভাবেই। এই বিশ্বাসকে নিয়েই তো আমাদের জীবন এগিয়ে চলে।

পঞ্চম গল্প 'ডুয়ার্সের কোলে' বন্ধু বান্ধবদের সাথে রকি আইল‍্যান্ডের ঘুরতে যাবার বর্ণনাতে আমার মনে পড়ে বন্ধু সুবীরের সাথে তার নতুন এনফিল্ড বাইকে সানতালিখোলা ঘুরতে যাবার কথা, ফেরার সময় রকি আইল‍্যান্ড হয়ে ফেরা। তবে এই গল্পে মুখ‍্য গল্প গল্পের ভিতরের গল্পটি লেখক আর তার দাদার একদিনের জন‍্য ইসলামপুরে পাগল হয়ে ঘোরার শখ। সেখানে এক পাগলীর সান্নিগ্ধতা লাভ করা। যার আদল আবার পায় লেখক রকি আইল‍্যান্ডের মোমোর দোকানে। হিসেবী জীবনে বেহেসেবী শখ বহেমিয়ান যাপন আমাদের পাগল পাগলীর সাথে এক করে দেয়।

'


অনুপ্রবেশ' গল্পে আমরা দেখি কীভাবে পরস্পর হিন্দু-মুসলমান একসাথে থাকলেও আর থাকা যায় না সুযোগলোভী সাম্প্রদায়িকতার কারণে। ভারতে অনুপ্রবেশের কালেও মারা পড়ে দুলাল ও করিম শেখ। বাংলাদেশে দুলালের মা পড়ে থাকে আর ইন্ডিয়াতে দুলালের কন‍্যা সোনা। ছেঁড়াতারের মত শুকিয়ে যায় দুজনারই ভালোবাসার শিকড়। আমার এই গল্পের মায়ের চরিত্রটি পড়তে গিয়ে মনে পড়ে হাসান আজিজুল হকের 'আগুনপাখি' উপন‍্যাসের গৃহবধূ নায়িকার কথা, যিনি ভারত দেশ ছাড়েনি, যাকে ছেড়ে চলে যায় সবাই। আর সোনা ও করিম শেখের চরিত্রদুটি পড়তে গিয়ে মনে পড়ে অতীন বন্দ‍্যোপাধ‍্যায়ের 'নীলকণ্ঠপাখির খোঁজে' উপন‍্যাসের খোকা সোনা আর ঈশম শেখের কথা।

'ভুটান রাজার সুখ' গল্পে আমরা পাই দয়ার জীবনযাপনের কথা, তার পেকে যাওয়ার কথা। রেশনের চাল থেকে লটারীর জীবিকার কথা। আলে সাইকেল চালাতে চালাতে শিখে যাওয়া জীবন। সান্তনার সাথে জড়িয়ে পড়া। জীবনে গরিব দয়া সান্তনা আজ এভাবেই প্রেমে জড়ায়, সমাজ সেখানে দয়ার মায়ের মত সান্তনাকে খারাপ মনে করে।

'কাকতাড়ুয়ার গল্প-১' এ আমরা দেখি মাথাভাঙ্গার সুটুঙ্গা নদীতে ১৯ বছরের এক মেয়ের লাশের কথা। যেই লাশ লাশঘর থেকে চুরি হয়। রাজনীতির কারণে সেই লাশের খোঁজ পড়ে, দুই লক্ষ টাকা পুরুষ্কার ঘোষণা হয়, পরের দিন আরেকটা লাশ পাওয়া যায় একই বছরের মেয়ের কেউ বলে একই মেয়ে, কেউ বলে এক নয়। সেই লাশও চুরি হয় পরের দিন।

'কাকতাড়ুয়ার গল্প-২' মদনের অনাথ জীবন আবার আনাথ হয়। যারা তাকে শরীরের খেলা শেখায় তারা ভালোবাসার সময় পাত্তা দেয় না। পরে এক বিধবা বৌ মদনের রতি হয়, সেখানেও সবাই তাদের পরকীয়া আখ‍্যা দেয়। গ্রাম ছাড়া করে। মদনের মনে হয়-

'সাধের জনম মাটি হইয়া গেল রে,

ওরে প্রেম কইয়াছি অবুজ বয়সে-

প্রেম কারে কয় বুঝি নাই রে,

সাধের জনম মাটি হইয়া গেল রে।'('কাকতাড়ুয়ার গল্প-২, পৃ-৭৬)

'কাকতাড়ুয়ার গল্প-৩' গল্পে আমরা দেখি ভাটিয়া আর দেশির জীবন কথা, ভাটিয়াদের গল্প দেওয়ার গল্প ও আব্বার বাপের মৃত‍্যুর গল্প।

'কাকতাড়ুয়ার গল্প-৪' বউ পেটানো কেষ্টার কথা। ভাগ‍্য তাকে আবার সোনার কারিগর থেকে আবার পারিবারিক জীবিকা 'চামারে' রূপান্তরিত করে।

'কাকতাড়ুয়ার গল্প-৫' গল্পে আমরা দেখি কাকতাড়ুয়ার গল্পকার হবার শখ, জীবনের কোনো গল্পই তার ভালোলাগেনা পড়ে এক স্বপ্নে পাওয়া চোরের না পাওয়া ভালোবাসার গল্প তার পচ্ছন্দ হয়, কিন্তু তা ভাষার জন‍্য আর কাহিনির জন‍্য সম্পাদকের পছন্দ হয় না। বাধ‍্য হয়ে সে বাঁশি বাজায়।

প্রলয় মাথাভাঙ্গা শহরে জন্মগ্রহণ করে ২৮ এপ্রিল ১৯৮৮। তার প্রতি গল্প ছুঁয়ে আছে আমাদের আশেপাশের চেনা জায়গা, জীবন যাপন, ভালোবাসা পরকীয়ায় জড়িয়ে থাকা ভালোমন্দ মিশিয়ে থাকা চেনা মানুষেরা। তার গল্পের কাহিনিগুলি অভিনব। শক্তিশালী গল্পকার প্রলয়। তার দেখার চোখ মনন ও বোধ ছুঁয়ে থাকে। গল্পের শৈলি কোথাও আমাদের অলস করে না। আশা করব প্রলয়ের কাছে আমরা আমাদের চেনা উত্তরের জনপদের গল্পগ্রন্থ আমরা আরো পাব অভিনব কাহিনির সাথে।

 


 

“কাকতাড়ুয়ার গল্প”

প্রলয় নাগ

একুশ শতক

প্রচ্ছদ: প্রবীর আচার্য

প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৮

মূল‍্য- ১৫০ টাকা

 

 


শিপ্রা পাল -র অণুগল্প

 মুজরা


শীলা মুজরা করতে যায় প্রায়ই, এ নিয়ে ওর শ্বশুরবাড়ির লোকজন ভীষণ অসন্তুষ্ট। কমবয়সী, কোমর অবধি চুল, হালকা-পাতলা গড়নের এই মেয়েটি এবার কাউকে কিছু না বলে এক অবাঙালী পরিবারের সাদীতে চলে গেছে বাংলা ছেড়ে রাজস্থান মুলুকে। বছর খানেকের শিশুটিকে নিয়ে ওর শাশুড়ী পড়েছে মহা-বিপদে— সারাদিন মানুষের বাড়িতে ঠিকা-ঝির কাজ করে সন্ধ্যায় একটি এপার্টমেন্টে ছেলেসহ হোমগার্ডের ডিউটিও করতে হয় তাদের, কারণ মাথাগোঁজার জন্যে এই জায়গাটিতে তারা ঘর বাথরুম সব ফ্রি পেয়েছে — তাই তো এই মুহূর্তে অবস্থাটি দাঁড়িয়েছে মরার উপর খাঁড়ার ঘা। 


শীতের এই রাতে বালতিতে গরম মেশানো জল শরীরে মগ দিয়ে ঢালতে ঢালতে শাশুড়ী বিনয়া একা-একাই বকবক করে, এবার আসুক বাচ্চা কোলে দিয়া ঘর থেইক্যা বাইর কইরা দিমু। শীলার স্বামী মানিক এ ব্যাপারে কিছু না বললেও মনে মনে বেশ খানিকটা অভিমান নিয়ে শীলাকে গালাগালি দেয়। কতো করে বললাম এবার যাস না শীলা— বাচ্চাটা ছোট, তারমধ্যে এ বছর শীতের প্রকোপটা বেশি কিন্তু এভাবে চুপিসারে যে চলে যাবে সবার অলক্ষ্যে, মানিকও তো তা ভাবতে পারেনি। পাঁচ বছর প্রেম করে যখন ঠিক করলো বিয়ে করবে শীলাকে, সেসময়ও ভীষণ অশান্তি। বাবাকে রাজি করানো গেলেও মা কিছুতেই হ্যাঁ করছে না, মা বিনয়ার একই কথা ওই নাচনেওয়ালী মাইয়ারে আমি ঘরে তুলুম না— ব্যাস এ আমি কইয়া দিলাম, এইডাই আমার শেষ কথা।  মানিক অনেক-করে হাতে-পায়ে ধরে, বিয়ের পর আর নাচবে না এই শর্তে মাকে রাজী করিয়েছিল। 



বিয়ের একমাস যেতে না যেতেই শীলার কাছে মুজরা করার প্রস্তাব আসতে থাকে, প্রথম প্রথম একটু নিমরাজি হলেও পরবর্তীতে নিজেকে আর সামলাতে পারে না শীলা। স্বামীকে নানা বাহানা দিয়ে সম্মতি করালেও শাশুড়ী নারাজ, নরম মানুষ শ্বশুরকে তবুও অনেকটা পটকিয়েছে কিন্তু মারমুখী শাশুড়ী বিনয়া। বিয়ের পর প্রথম সেবার স্বামী আর শ্বশুরকে বলে শীলা চলে যায় নাচতে, তারপর যখন এক সপ্তাহ পর এসে প্রথমেই শাশুড়ীর হাতে কড়কড়ে হাজার টাকার একটি নোট হাতে গুছে দেয় শাশুড়ী তখন বড়-বড় চোখে তাকালেও মুখে কিছু বলে না। 



খাওয়া-পড়ার কোনোটাই অসুবিধা হয় না মুজরা করতে গেলে, ভরা বাড়িঘর-লোকজন, জমজমাট পরিবেশ বরং কিভাবে যে আনন্দে সময়গুলো চলে যায় শীলা তা বুঝতেই পারে না, বিয়ে-সাদী নামকরণ পূজা-পার্বণ গৃহপ্রবেশ এমন নানান উৎসবে নানা ধরণের গীত-নৃত্য চলে।  তবে একেকটায় একেকরকম, সব ভিন্ন ভিন্ন নাচ-গান, সব আলাদা আলাদা পোশাক-পরিচ্ছদ। বাজনা বাজে, সুর তোলে আর কোমর থেকে আন্দোলিত হয়ে নেশার মতো শীলার শরীর দুলতে থাকে... দুলতে থাকে, দুলতে থাকে।





পার্থ সারথি চক্রবর্তী শব্দবাউল ভাষান্তর সংখ্যা -র পাঠ প্রতিক্রিয়া

 "শব্দবাউল ভাষান্তর সংখ্যা"- এক সাহসী অনুবাদ কাজ





মূল সাহিত্যের এক অবিচ্ছেদ্য সমান্তরাল শাখা অনুবাদ সাহিত্য। সাহিত্যে অনুবাদ এক পুরনো ও সমৃদ্ধ শাখা। কোন এক ভাষায় রচিত সাহিত্যকে ভাষাসীমানার গণ্ডি ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুবাদ সাহিত্যের ভূমিকা অনস্বীকার্য। 


শব্দবাউল ভাষান্তর সংখ্যা এমনই একটি গুরুত্বপূর্ণ কাজ করার সাহস দেখিয়েছে। সম্পাদক শৌভিক বণিক প্রত্যন্ত আলিপুরদুয়ারে বসে এ কাজটি করেছেন। 

ঝকঝকে হরফ ও উৎকৃষ্টমানের ছাপার ভেতরে একবার ঢুকে গেলে বোঝা যায় যে, দেশ-কালের গণ্ডি পেরিয়ে কবিতার গতি দুর্বার ও সাবলীল। পত্রিকাটিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে লিটিল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সন্দীপ দত্তর প্রতি। দেশী ও বিদেশী বিভিন্ন ভাষার ৩৮ টি কবিতা/কবিতাগুচ্ছকে সুনিপুণভাবে বাংলায় অনুবাদ করেছেন বাংলাভাষার কবিরা।


প্রথমেই উল্লেখ্য অসমিয়া কবি হীরেন ভট্টাচার্যের লেখার সুদক্ষ অনুবাদ, যা কবি সমর দেবের কলমে এসেছে।

"  আমার মায়ের হাত ধরে

   দেশ থেকে-

   দেশান্তরে চলে যাচ্ছি আমরা " আক্ষরিক অর্থেই সব সাহিত্যপ্রেমীকে "আন্তর্জাতিক" করে তোলে। 

ওড়িয়া কবিতার বাংলা অনুবাদের ক্ষেত্রে শ্যামলী সেনগুপ্ত এক সুপরিচিত নাম-

" দেখি একবার চোখের ভেতরের 

  অখিল ব্রহ্মাণ্ডে সাঁতরানো"। ( "শুধু আজ"/ প্রদীপ কুমার পণ্ডা)


শান্তা মারিয়ার করা উর্দু কবিতার বাংলা অনুবাদ নজর কেড়েছে।

অশোক বাজপেয়ীর হিন্দি কবিতার সাবলীল অনুবাদ করেছেন ইন্দ্রনীল তেওয়ারী-

" তুমি চলে যাবে,

  অথচ কিছুটা থেকে যাবে এখানে।"


সাম্প্রতিক তামিল(শ্রীলংকা) কবিতার অন্যতম মুখ রুদ্রমূর্তি চেরান। তার লেখার সুদক্ষ অনুবাদ ঝরে পড়েছে কবি শৌভিক দে সরকারের কলমে-

"  খুব আবছা,ধেবড়ে যাওয়া

   একটি ছবির মত ছিল

   আমার স্বপ্নটি"। 

( "একটি স্বপ্নের খোঁজ "/ চেরান)।


সাতজন গ্রীক কবির কবিতার সুন্দর অনুবাদ করেছেন উজ্জ্বল ঘোষ। সেগুলোর মধ্যে নোবেলজয়ী নিকিফরস ভ্রেত্তাকস এর কবিতাটি সর্বাধিক মনোগ্রাহী মনে হয়েছে। প্রখ্যাত কবি সুবীর সরকার পাঁচটি ইংরেজী কবিতার অনুবাদে মুন্সিয়ানা দেখিয়েছেন-

" আমাকে ভুলে যেতে দাও

  আমাকে নৌকোয় তুলে দিয়ে

  ঘুমোতে দাও

  অন্ধকারে ভেসে যেতে দাও।" 

( "বিনষ্ট দিন"/ফ্রান্সিস কনফোর্ড)।


তাইওয়ানের কবি চি-চু ইয়াং -এর কবিতার অনুবাদ করেছেন মাসুদুল হক-

 " আগুন

  প্রজ্জ্বলিত ঘৃণার আগুন জ্বলছে"।

(" আমাজনের বন পুড়ছে"/ ইয়াং)।


সোমদেব চট্টোপাধ্যায়ের অনুদিত ব্রাজিলিয় কবিতার পংক্তি নাড়া দেয়-

  " এবং আমি তখনই থামব

    যখন আমার রক্তমুখ পুরোপুরি বন্ধ হবে"।

 (" দর্পণে"/ আরমান্দো ফ্রেইতাস ফিলহো)।


কবি পার্থজিৎ চন্দের অনুদিত কবিতাগুলো বেশ ভালো লাগে।

 সুমন গোস্বামীর অনুবাদে অ্যালেন গীনসবার্গের " আমেরিকা" শীর্ষক দীর্ঘকবিতাটি পাঠককে ভাবায়।


সবমিলিয়ে প্রায় সাত ফর্মার এই " ভাষান্তর সংখ্যা" সত্যিই পাঠককে আনন্দ দেবে বলে বিশ্বাস হয়। আর নিয়ে যাবে কবিতার বিশ্ব-দরবারে। কবিতাগুলির অনুবাদ নিঃসন্দেহে গ্রহণযোগ্য বলে মনে হয়। পরিশেষে শব্দবাউলের নিঃশব্দে কাজ করে যাওয়া সম্পাদকের হৃদয়-লালিত ইচ্ছা( " একটি পূর্ণাঙ্গ কাজ করার ইচ্ছা থাকল") পাঠককে আশায় রাখল। আর এ'ধরণের কাজের পাশে পাঠকতো থাকেই!





শব্দবাউল- ভাষান্তর সংখ্যা(২০২৩)

সম্পাদক- শৌভিক বণিক 

প্রচ্ছদ - কৌশিক বিশ্বাস 

শুভেচ্ছামূল্য- ১৭৫ টাকা।










উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...