শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মীরা আচার্য, পহেলী দে দীপান্বিতা রায় সরকার সুরুভি চট্টোপাধ্যায়









শব্দময় ঝর্ণার পাশে
মীরা আচার্য 


চাঁদ উঠেছে, অপরাধীর মত মুখ
পাহাড়ের ফটলে মৌচাক আছে
আজন্মার জমাট অন্ধকার,
সম্পর্কের উর্দি পরা একদল নর নারী
নৃত্যরত গাছের পাতায় নিম্ন পতন
সুবর্ণ মায়াজাল খোঁজে কিশোরী রোদে
আমি একা শব্দময় ঝর্ণার পাশে।।





টুকরো মানুষের ছায়া

পহেলী দে 


কেউ আমাকে প্রতিনিয়ত কেটে কুচিকুচি করে 
এবং ফালিফালি আমাকে নিয়ে রাতভর হেসে যায়
কাস্তে চাঁদের সাথে, 
খয়েরী রক্তে সাঁতার কাটে জল্লাদ রাত।
 
ফেলে রাখা চাকু চকচক করে অন্ধকারে 
যেন স্বর্গচ্যুত অপ্সরা  
প্রতিশোধের আতিশয্যে নেমে আসে
বালুকাচ্ছন্ন নদীর বিষাদে
উন্মাদ নৃত্যে ভেঙে যাচ্ছে জলের আরশি,
পাহাড়ের কান্না ও আমার অশ্রু 
নিম্নবর্গীয় ঘরের দেয়াল ভেঙে 
ভেসে যায় ছন্নছাড়া ভ্রমণে।

রক্তের উজানে হৃদপিণ্ডের টুকরোগুলো 
দাঁড়িয়ে থাকে; যেন বিচ্ছিন্ন দ্বীপ, 
শুকনো পাতার মতো হৃদয় উড়ছে বাতাসে
বিধ্বস্ত আমি বিস্রস্ত আমাকে কতবার কুড়িয়ে নিয়েছি
সোডিয়াম আলোর মৃদু কম্পন থেকে;
বেপরোয়া ঝড়ের বিপন্নতা হতে 
ঝিঁঝিঁর শব্দে বেজে যাওয়া ঘুমের ঘুঙুর হতে। 

আঙুলগুলোকে মনে হলো যৌবন হারানো ঝর্ণাকলম
কোনো কিংবদন্তি কবিতা লেখার মোহে
যারা অসংখ্যবার কাটিয়েছে বহুজাত বিনিদ্রতা,
খুলি ভেঙে ছিটকে পড়েছে মগজ 
যেন গোটাকতক আকাশ;  
উড়ে যাবার সমুদয় প্রস্তুতি নিয়ে 
পথ হারালো পাখিদের প্রলোভনে।  

ঠোঁট দুটিকে মনে হলো শেষ বসন্তের পাতা
তাচ্ছিল্যের শাখা হতে নীরবে ঝরে গেছে
                                    ধূলি ঝড়ে,
দুটি অক্ষিগোলক পড়ে আছে মেঝেতে
যেন ট্যাবুহীন পৃথিবী শুয়ে আছে চৈত্রের চিতায়।

এভাবেই কেউ আমাকে রোজ উপনীত করে 
অস্তিত্বের শেষ অংকে, 
রক্তাভ দৃশ্যে বিভক্ত আমার প্রতিচ্ছবি দেখে;
তুমি হেসে ওঠ অট্টহাস্যে 
এবং সিগারেটের আগুনে প্রেমের মুখাগ্নি করে 
সূর্যের সাথে সন্ধি কর ভিন্ন জানালার খোঁজে।
 


রাস্তা

দীপান্বিতা রায় সরকার 


মা ফেলে রেখেছিল অভিমান,
আমি তাতে জোড় ফোঁড় দেই।
রাতের আগুনে সেঁকি বিষন্নতা।

একাকিত্বের দায় ভার দিতে হয় না,
অতর্কিত সামনে দাড়ালে,
আগুনও পরম বিশ্বস্ততার শপথ রাখে।

মা রেখে গিয়েছিল ক্রমশ হেরে যাওয়া।
আমি তাতে প্ররোচিত  পা দেই।





ছায়ার সঙ্গ করি আমি 

সুরভী চট্টোপাধ্যায় 


উঠতে উঠতে উঠে গেছি… 

ছুঁয়ে ফেলেছি স্কাইলাইনের হৃদয়… 

অস্পষ্টতা আর কুয়াশার কম্বলে 

জড়িয়ে ফেলা এক পৃথিবী…

ভিতরে হদিস নেই কোনও জীবনতত্ত্বের…

  
মনে পড়ার গোপন দৃষ্টি দিয়ে 

হাত বাড়াই আকাশে 

ভোরেনি একমুঠো মেঘ… 

আক্ষেপের বুক পকেটে…

অবশ্য রাত আঁকড়ে স্বপ্নের সিঁড়ি ধরে  

গাছেরা ডেকে যায় আমায়…  

আর বাস্তবে ছায়ার সঙ্গ করি আমি…







বাবলি সাহা সূত্রধর কৃষ্ণ দাস প্রদীপ্তা সরকার বড়ুয়া সোমা দে


 


লাল ডায়েরি

বাবলি  সাহা সূত্রধর


কুয়াশা মাখা চাঁদ ভেসে আছে 
সাদা ব্রীজ বরাবর 
হিমায়িত জোছনা উপচে পড়ে 
দিগন্ত জুড়ে অথবা আমাদের উঠোনে। 

প্রায় এক যুগ হলো 
বাবা পুনর্জন্মের অংশীদার! 
বইয়ের ভাঁজে চশমা এবং 
প্রতিশ্রুতি গোছানো আছে এখনও। 
একটা জীবন লিখেছিল বাবা 
ছোট্ট লাল ডায়েরিতে, 

প্রত্যাশিত যা কিছু গোপনীয়তা 
ক্রমাগত জাল বুনে চলেছে 
ডায়েরির গোপন ঘরে ;
আমাদের উঠোন কিংবা দিগন্ত জুড়ে 
এখন শুধু জোছনা মাখা ডায়েরি।




অদ্রি-৭১

কৃষ্ণ দাস 


মনে করো,
দশ বছর গুহাজীবন কাটাচ্ছি....
ধীরে ধীরে ভাষা ভুলছি, 
অভ্যাস ভুলছি, 
যাপন ভুলছি, 
নীরবতা ধুয়ে দিচ্ছে বিগত জন্মের পাপ।

আমি এখন মানুষ নই, 
এই পৃথিবীর হাজারটা গাছের মত গাছ....।
আমার গায়ে পাখি বাসা বেঁধেছে, ক্লোরোফিল তৈরি হচ্ছে শরীরে।
ঠায় বসে থাকতে পারি, 
আমার চোখকে ফাঁকি দিয়ে সূর্য উঠতে বা ডুবতে পারে না।
আকাশের চাঁদ জানে..
কেউ না রাখুক তাকে মনে।
আমি তার পাশে আছি, থাকবো।

আমার আকাশে মৃত নক্ষত্রের ছড়াছড়ি।
একটি ষোড়শী মেয়ে কষ্ট পেলে, 
তার চোখের জলে মৃত নক্ষত্র গলে যায়।
নক্ষত্র মরে গেলে আর নক্ষত্র থাকে না অদ্রি,
মৃত নক্ষত্রের নীচে শুয়ে তবুও....
তোমাকে ভুলতে চেয়ে বার বার তোমাকেই মুখোস্ত করে চলছি...

এক পায় দাঁড়িয়ে, 
গাছের মত,
এ আমার আমৃত্যু বৃক্ষ-সাধনা।



উত্তরাধিকার 

প্রদীপ্তা সরকার বড়ুয়া 


ভোরের আলো ছুঁয়ে ,
সন্ধ্যার  রাধাচূড়া  জড়িয়ে,
রাতের জোৎস্না গায়ে মেখে ;
আভিমানের  কোলে মাথা রেখে বৃষ্টি পড়েছিল-
অঝোরে |
হৃদপিন্ড জানে  সেই  ভিজে যাওয়ার শব্দ |
শুন্য আদালত ;
দলিলে শুধু লেখা ,
ভালোবাসার উত্তরাধিকার ||




আগুন

সোমা দে


ছাইয়ের গাদার গভীরে জমতে থাকা
দীর্ঘ দিনের অভিমান কিংবা অভিযোগ
জ্বলে উঠছে রাত্রির গুহায়

দাবানল বুকে নিয়ে স্থির দাঁড়িয়ে আছে
পাহাড়
কেমন যেন বাবার মতো দেখতে !

আগ্নেয়গিরির বিস্ফোরণে অশ্রাব্য শব্দের লাভা 
ছড়িয়ে যায় ভেতর ঘর থেকে বারান্দায়
এতো ভয়ানক হয়ে উঠছো কেন মা ?

বিষাক্ত হয়ে গেল সম্পর্কের জল মাটি বায়ু
আজ শুধু আগুন আর আগুন . . .










কবিতা -গৌরব চক্রবর্তী, পীযূষ সরকার, রঙ্গন রায়, তাপস দাস


 



সুরা ও চুম্বনের কবিতা 

গৌরব চক্রবর্তী 


মৃত জাহাজের খোলে স্মৃতির পরত লেগে আছে
পুরোনো জলের ঘ্রাণ দাগ হয়ে সেঁটে আছে গায়ে
কবে কোন স্রোত যেন দখল করেছে এ শরীর 
কবে কার ভুলচুক সমস্ত তলিয়ে নিয়ে যায়...
কার কত স্মৃতি জমা কার কত স্মৃতি থাকে বাকি
কার কত সমর্পণ কার কত ছেড়ে ছেড়ে রাখা
নিজের ভেতর থেকে তুলে আনা নিজের যতটা
অথবা নিজের করে অপরের হয়ে শুধু থাকা

বুঝিনি অলসযাম সান্ধ্য কসরত ক্ষয়া ভোর
বুঝিনি আলোর রেনু গুঁড়ো গুঁড়ো চাঁদের পসরা
মৃত জাহাজের সেই খোলে লেগে থাকা কিছু ধুলো 
পুরোনো জলের ঘ্রাণে হয়তো খানিক তবু ধরা
সুরা ও চুম্বনরত অথবা  আলেখ্য স্মৃতিগামী
আমার কলমে থাকে-- আমি শুধু লিখি আর থামি






 জার্নি

পীযূষ সরকার


বুদ্ধিদীপ্ত সবুজ ধানখেত। তার ওপর পড়েছে ঘন রোদের সর
লাঙল গ্রামের গা ঘেঁষে এমন দৃশ্য দেখতে দেখতে বক্সিরহাট যাচ্ছি
বাসটি যেখানে সেখানে থামছে। তুলে নিচ্ছে 
লাল শাড়ি, কোলের শিশু, বৃদ্ধ, শিক্ষক, স্কুল-পড়ুয়া, উদাসীন যুবতী...

জানালার ঠিক পাশে বসে আছি
অর্ধেক খোলা কাচ। হুহ হাওয়া
সামনের সিটের পিছন দিকে একটি হৃদয়বন্ধনীর ভেতর সযত্নে লেখা - রাজু + নীলিমা

আজ আমার মন ভালো

একজন বয়স্ক জেঠুকে বসতে বলে 
রড ধরে দাঁড়িয়ে পড়লাম...




ইভের জন্য 

রঙ্গন রায় 


আসামের বিহু নাচ কেনার খুব শখ ছিল।
তুমি টোকা কিনে নিয়ে এলে 
বললে, আসামের জিনিস ...
ঠাকুরদা রেলে চাকরি করতেন। সাহেব ছিলেন।
এভাবেই আমি আসাম কিনে ফেলি।
যেদিন গণ্ডার দেখলাম প্রথম 
বাবার এক অসমীয়া বান্ধবীর দুর্দান্ত স্বাস্থ্য 
আমার মনে পড়ে যায়, 
কেন পড়ল মনে? এরকম হয়, অনেকেরই হয়
যেভাবে প্রথম আদমের মনে পড়েছিল ইভের কথা –
                                                বেঁচে থাকার কথা






যে শব্দে কবিতা নেই

তাপস দাস 


একটি কথা যাতে কবিতা নেই
তাকে তুমি হারমোনিয়াম বাজানোর স্টাইলে, 
আঙ্গুলে তুলে নাচাতে শুরু করলে 
কেউ তোমার দিকে তাকালো না

তোমার ঠোঁটের কথা চোখের কাছে এল
চোখের কথা ঠোঁটে ডুবে গেল

আয়না থেকে আলো চলে এল ঘরে 
এই আলো আমাদের নয়, বেড়া ভাঙতে এসেছে
বেড়ায় না আঁকা রবীন্দ্রনাথের ঘুম কাড়তে এসেছে 
একে তাড়িয়ে দাও

আমাদের বিছানা মানে হাওয়া কত উড়ি ওখানে 
চিত সাঁতারের উড়ি, ডুব সাঁতারে উড়ি
উপর নীচে শূন্য উবুদ হয়ে শুয়ে 
তারও সুগন্ধ নিই

আর বাড়ি ছেড়ে পালাই না
এখন বাড়ি পালায়, বাড়ির পা কল্পনা করি
পায়ে পড়ি
বাড়ি আর আমাতে ফেরে না।







কবিতা - শুভঙ্কর পাল ওয়াহিদা খন্দকার দেবযানী ভট্টাচার্য দেবমিত্রা চৌধুরী


 

আলোর মিছিল 

শুভঙ্কর পাল


সারি সারি আলোর মিছিল 
শব্দের প্রক্ষেপণ ভেঙে নেমে আসে শান্তির দূত
পাহাড়তলীর জমিনে এখন নতুন ধানের শীষ
ধাপ অতিক্রমনে চায়ের গন্ধ 
কথার খোলে সুই মুন্ডার গলায় বুনো ফুলের মালা 
বাদামি ফড়িং আর এই অক্ষর শ্রমিকেরা কবিতার মায়াজালে
তির তির জলের ভিতর সংসার ও যাপনের ঝিঙে ফুল





পান্তাভাত ও ফুরিয়ে যাওয়ার গল্প  

ওয়াহিদা খন্দকার 


রাতের ভাত ফেলি না, বড় মায়া হয় 
পান্তাভাতের জলটাও বেশ সুস্বাদু 
মনেপড়ে বিগত জীবনের ভাদ্রের দুপুরের কথা 
আর কিছু তৃষ্ণার কথা । 
চাষা তীব্র রোদে আলে বসে কীভাবে শুষে নিয়েছিল
পান্তাভাতের রস। 

মনেপড়ে সামনের আদিবাসী গ্রামে 
পান্তা চুঁইয়ে কীভাবে ফোঁটা ফোঁটা মদ 
নেমে এসেছিল গলা অব্দি 
উন্মত্ত নাচে ছমিয়া নামে আদিবাসী যুবতী 
নিজের খিদেকে রটনা করেছিল 

জানি তুমি ভাবছ 
সকাল হলেই তো ভাত ফুটবে জুঁই ফুলের মতো 
স্বাদ-সুগন্ধি আনবে... 
ভেতোজলের আহারে বুনোফুল ফোটাব কেন?




স্মৃতির ভগ্নাংশ 

দেবযানী ভট্টাচার্য


মনে করো ---
শরীর জুড়ে লেগে আছে স্পর্শ তাপ, 
মোহের বন্ধন,নেশায় আচ্ছন্ন দৃষ্টি,
মুঠো ভর্তি করবী ফুলের সুবাস,
ভয়ঙ্কর দিশাহারা দ্বিপ্রহর!
চিলেকোঠা জুড়ে গোধূলির সন্ত্রাস,
সমূহ সর্বনাশ লিখছে দুটি দগ্ধ সত্তা।

স্পর্শহীন ---
অনন্ত দহন - তাপ বুকে নিয়ে বসে আছি ,
তুমি কি আর আসবে কোনোদিন এভাবে অনন্ত অপেক্ষার কাছে ? 
লিখবে অনন্ত আয়ু।





বিসর্জন

দেবমিত্রা চৌধুরী


আমার স্মৃতির ঘরে ছায়া
উন্মোচন করার মতো স্বপ্ন নেই আর

যে মুখের অনুপস্থিতি এত বেশি 
তার প্রতি সর্বোচ্চ অনুভূতি আসে।
সে যখন স্থাপনার চিহ্নগুলো ভেঙ্গে, ভঙ্গিমাকে ভেঙ্গে
উভচর গানের ভাষায় নেচেছিল
নাচের জন্ম তখন আলো আর তরলের খেলা

যদিও শোকের কোনো চিকিৎসা নেই, তবু
চলে গেলে আলো রেখে যেও - যা তোমার বিদায়ের চেয়ে ভালো, 
তোমার থাকার চেয়ে বেশি কিছু আরও...














শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

কবিতায় - শ্যামলী সেঙ্গুপ্ত, অংশুমান চক্রব্ররতী, রবিন বণিক। মোনালিসা রেহমান






নাম বনাম

শ্যামলী সেনগুপ্ত 
 

সব ভুলে যাচ্ছি

ভুলে যাচ্ছি নাম আর ধাম
ভুলে যাচ্ছি হোমো সেপিয়েন্সের 
দেশজ ভাষা
কী বলছি...ঠিক কী বলতে চাই 
ভাবতে ভাবতে যা বলি
ওরা তেমন তেমন ধরিয়ে দেয়---
এই তো দু' কেজি আটার প্যাকেট
আর অ্যালোভেরা বডি লোশন নিয়ে
দিব্যি হেলতে দুলতে পেরিয়ে এলাম
পাড়ার গলি ও অলিপথ। 

আটা রান্নাঘরে
অ্যালোভেরা ড্রেসিং টেবিলের
অন্যমনস্কতায় থুয়ে এসে
ঘৃতকুমারীর পরিচর্যা করি
যেন একটি মমি...

লক্ষকোটি বছর পেরিয়ে 
যারা ভুলে গেছে তাদের প্রকৃত 
হ্যাবিট অ্যান্ড হ্যাবিটাটস 
দিব্যি লাগিয়ে ফেলছি রঙিন 
প্লাস্টিকের টবে...গুগল থেকে
জেনে নিচ্ছি মাটি,সার,জল
ও পরিচর্যার রকমসকম
জেনে নিচ্ছি কোন ব্র্যান্ডের আটায়
কতটুকুন জল দেব আর
ভাবছি 
রুটি খাওয়ার পর সে কি চুমু দেবে
আমার জেল লাগানো আঙুলের ডগায়

ওই যেমন পুরাতনী মা
তার মেয়ের কেনি-আঙুলটা 
একটু কামড়ে দিত
খোঁপায় রুপোর কাঁটা গুঁজে দিতে দিতে





উপস্থিতি

অংশুমান চক্রবর্তী 


অনন্ত নীরবতা
আমি তার বুক চিরে হাঁটি।
হাওয়া বয়, চারপাশে কেউ নেই। অসহ্য একা।

অতীতে শেয়াল ছিল। আজ নেই।
জোনাকিও নেই।
বিশাল আকাশ জুড়ে
কে টাঙাল রাতের চাঁদোয়া?

কেউ বুঝি এসেছিল? সুনিপুণ আসা আর যাওয়া
সম্পাদিত হল কোন পথে?
জানান দিল না কেন? যদি ঘোর কেটে যায়--
তাই বুঝি শব্দহীন, 
মিশে গেল তীব্র অন্ধকারে?

আমি হাঁটি। হেঁটে যাই, অবিরাম।
তাপ বাড়ে, ক্রমাগত ভেজে মাটি 
ফোঁটা ফোঁটা ঘামে--

এসেছিল কেউ, তার
উপস্থিতি আঁকা আছে তারাখসা রাত্রির খামে...





আসলে কিছু নয়

রবিন বণিক 


আসলে কিছু নয়, কিছু–র মতো দাঁড়িয়ে থাকে ছায়া

পদক্ষেপের মতো হাইফেন টেনে কিছু তো করা যায়

কফির গন্ধের মতো প্রেম, প্লেটোর মতো কিছু দৃশ্য

কিছু বুদ্ধের মতো ধ্যানমগ্ন মায়া নিরেট ফুলের দিকে

 

কিছু তো করা যায়, ছায়া টেনে টেনে দীর্ঘ জীবন

আসলে কিছু নয়, কিছু–র মতো ফিরে আসা ডিঙি

নিপাট খালি, কিছু তো নেই রক্তাক্ত পদচিহ্ন ছাড়া

তবুও টেনে হিঁচড়ে কিছু শূন্যের দিকে সুতোয় লেখা

সাঁতারের মতো হাত টেনে কিছু চেটে নেওয়া মহাকাশ





অন্তরদহন

মোনালিসা রেহমান 


বাংলা কবিতা তুমি এক প্রশ্রয় বিন্দু
শিখিয়েছ যশশ্বী হতে...
এক আত্মশ্লাঘার গল্পে মহীরুহরা কেমন করে তাদের বাধা অতিক্রম করেছিল 

অন্তর্দেশ থেকে  বর্হিদেশ পর্যন্ত ----সীমানা টেনে দিয়ে যায়...
এই ধুলোখেলা, এই ভূমি, এই মানবিক বোধ --- অন্তরদহন,
সবটাই কি নিয়তি ঠিক করে রাখে ! 
তবে কীসের  এত টানাপোড়েন?
কেনই বা যাপনে এত লাগাম টেনে ধরা---

সব পেয়েছির আসরে তুমিও তো এক এবং অদ্বিতীয় ...
তবুও সেই দিনগুলো কেমন ছাপ রেখে গেছে 
অস্তিত্ব সংকটের সমরে...
আজ রাষ্ট্র তোমার স্বাধীনতা হরণ করতে উদ্যত ---






                      


কবিতা - শৌভিক দে সরকার, ধনঞ্জয় ঘোষা, অনিন্দিতা গুপ্ত রায, মাধবী দাস






দেশ রাগ
শৌভিক দে সরকার 


প্ররোচনা ও অংশগ্রহণের জুয়াছক 
অহেতুক একটা বৃত্তের মধ্যে ঢুকে পড়ছি আমি 
সংক্রামিত আবাদ, চীনা পেতলের সামান্য চাবি 
আংশিক বশ্যতা ভেবে আমিও ঢুকে পড়ছি 
বৃত্ত বিন্যাসের ভেতর, ঘিনঘিনে মদ আর আঠার ভেতর 
লক্ষ্য করছি পরবর্তী পান্টারের হাতযশ 
চুনের চলটা, দেওয়াল অবধি বেড়ে ওঠা শ্যাওলার কালো  
দেওয়ালের ঠিক নিচেই নিষ্ক্রিয় রসাতল 
আরশোলার মড়ি, দ্বেষ আর দেশের সরলরেখা




মা

ধনঞ্জয় ঘোষাল 

 

আজ ঠিক এক বছর হলো, বাবুন বলে কেউ ডাকেনি। ডাকবার কথাও নয়, মা এই নামেই আমাকে ডাকতেন। গত বছর এই দিনেই চলে যাওয়ার সময়, শেষ চেয়ে থাকার মধ্যেও নীরব উচ্চারণেও ছিল বাবুন বলে ডেকে ওঠার চেষ্টা।।  চলে যাওয়ার পর সব মায়েরাই মন্দির হয়ে যান,  সেখানেই এ জীবনের যাবতীয় অবাধ্যতার কাছে নতজানু হবার আপ্রাণ চেষ্টা শুরু হয় তখন। বুকের ভিতর এখন মা-কে নিয়ে কতো অপূর্ণ ইচ্ছের আজান তাঁর ছবির সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে যায়। মনে হয়, আরও কতো কিছু বাকি থেকে গেল, এই অপূর্ণতা থেকে যায় বলেই কি মায়ের বিকল্প কিছুই হয়ে ওঠে না আর? মনকেমনের আশ্চর্য দ্যুতি, যেখান থেকে আমার জন্ম, সেই মায়ের চলে যাওয়ার দিকে পড়ে থাকা সময় আমাকে টেনে নিয়ে যায় আরও সংশোধিত বেঁচে থাকার দিকে। এখন ভুল করলে, কে আর বলে উঠবে এটা তুই ঠিক করিসনি বাবুন? কাকে এখন সদ্য প্রকাশিত বই-এর প্রথম কপি তুলে দেব? কার কাছে ক্ষমা চাইবো, কেই-বা আর মাথায় রাখবে হাত? কেন অনেক অনেক ছবি তুলে রাখিনি মা তোমার সঙ্গে? এখন অপার্থিব আলোর প্রতিশব্দ তুমি। ভালো থেকো মা, এখনও স্পষ্ট শুনতে পাই তোমার সেই বাবুন বলে কারণে অকারণে ডেকে ওঠা।।।





বাসন্তী

অনিন্দিতা গুপ্ত রায়


সীমানা প্রাচীনহীন একটা মাঠ। কাঠের বাড়িটি, ভাঙাচোরা কিছুটা বা হেলে থাকা,একলা এক আকাশমণি গাছ হলুদ ফুলে ঢাকা। একটা টিউবওয়েল। ইট পাতা মেঝে প্লাস্টার হীন। নড়বড়ে কয়েকটা চেয়ার টেবিল। বাসন্তী বলেছিল কোন বানান আমি ঠিক করে লিখব দিদিমণি?  তোমরা ভাষা লিখতে বলো আমার মা তো সেই ভাষায় কথা বলে না---


২২ বছর পর চোখের দিকে সোজা তাকিয়ে বাসন্তী বলল, দিদিমণি কাঠের উনুনের ধারে বসে আমার খুব ইচ্ছে করে আগুনের পরশমণি গাইতে। আমার মেয়ের মাতৃগান আছে, আপনি শিখিয়েছিলেন।


আকাশমনি গাছে একইভাবে ফুল ফুটে যাচ্ছে। কাঠের বাড়ি আজ তিনতলা পাকা বাড়ি। সীমানা দেওয়া মাঠ দিয়ে হেঁটে চলে যাচ্ছে বাসন্তী। সীমানা পেরিয়ে, মেয়ের হাত মুঠোয়। একটা তেজি ঘোড়ার মত। দিদিমনিরা কবে যেন ম্যাডাম হয়ে গেছেন। অথচ চাবুকের শব্দে ভয় না পাওয়া বাসন্তী মাতৃভাষা হয়ে উঠেছে নিজেই। 






সৌন্দর্য
মাধবী দাস


তর্জনীর ছোঁয়ায়  অক্ষর স্পর্শকাতর হলে 
চশমার কাঁচে মেঘ জমে ওঠে ।
ফেনিয়ে ওঠে সহস্রা থেকে সাধিষ্ঠা

ঝড় তছনছ করে দেয় ! 
  পারমাণবিক বিস্ফোরণ থেকে 
           পালিয়ে বেড়ানো সাধ্যাতীত ...

চেনা পাহাড়, জঙ্গল আর নদী পেরিয়ে 
তন্ন তন্ন করে খুঁজে বেড়াই লুকোনোর জায়গা
 নীল আকাশের হলুদ সূর্যটা আরও রঙিন হয়ে 
নৈঃশব্দের কোনায় কোনায় আলো ছড়িয়ে দেয়!

 এ শরতে মেতে ওঠে 
সমান্তরাল সম্পর্কের জড়িবুটি !
ঠোঁটে ঠোঁট রেখে ঘোষণা করে
কলঙ্কের রকমফের আছে

আধিপত্য বিস্তারের প্রবল বাসনা সংযমী হয়ে 
কানের খুব কাছে এসে ফিসফিস করে বলে 
বর্ণহীন জলেরই সৌন্দর্য বেশি...






কবিতা - সন্তোষ সিংহ, মধুমিতা চক্রবর্তী, অলোক বিশ্বাস, প্রশান্ত দেবনাথ





চোখ  
সন্তোষ সিংহ

তোমার চোখ যেন পর্বতশীর্ষে নবোদিত সূর্য 
আমার দিকে মেলে ধরেছ, 
যেন মেলানো পুস্তক অবলীন 
আর আমি ক্রমাগত আলোকিত হচ্ছি 
ছড়ানো নিসর্গ জুড়ে ঝরে পড়ছে 
শস্য ও কবিতা

আমি যেন মরুতৃষা

আলোক ঝর্নার নিচে বিস্তৃত করতল 
বুদ্ধের করুণাকাঙ্ক্ষী ভিক্ষাজীবী, দীন



আছো,বর্ণমালায়

মধুমিতা চক্রবর্তী

 

ভাবো আমার সব লেখা তোমাকে নিয়ে, ভুল ভাবো

এককে নয় চিরদিন সমগ্রতে আছো।

আমি মানুষের কথা লিখি। 

জীবনের পোড়াগন্ধ লিখি। 

টানাপোড়েন  লিখি।

 

এক নদী পেরিয়ে আরেক নদীর কথা

এক বনবিথী পেরিয়ে আরেক বনবিথীর কথা

একমুঠো ভাত আর রোদ্দুরের কথা

 

বিষাদ বর্ণমালার পান্ডুলিপি লিখি জীবনের অমনিবাসে

মানুষই তো মানুষকে চিরদিন ভালোবাসে




রাজশাহীতে 

অলোক বিশ্বাস


আঁধারের পরাজয় হবে রঙ চায়ে। 

পাখিরা বলছে, রঙ চা খুলে দেখো

বহুরৈখিক রসায়ন। চিহ্নক রোদ্দুর 

আর চিহ্নিত ছায়া, চুমুকে দিন বদলের

আবদার দেখছে। মনওয়ালার রঙ চা

শিস দিলে, মায়া বেজে ওঠে বিশ্বাসে।

পার্কিং বাজারে মায়া। অভূতপূর্ব 

রঙচাতক অবশেষ জানে না। বঙ্গবন্ধুর 

দেশে রঙ চায়ে ছলকে ওঠে মুক্তিযুদ্ধের 

গন্ধ। বাস থেকে নেমে খুঁজি কোথায় 

অন্যভাবের রঙচা বানাচ্ছে কাশীদা। 

রঙ চায়ে পড়ি সুনামগঞ্জ। 

রঙ চায়ে লেখা ঝিনাইদহ। 

পূর্ণিমার নিচে রঙ চায়ের আড্ডায় 

ভাষায় পুনর্জন্ম ঘটে যেতে পারে।




ঝলসে ওঠেপ্র

প্শারন্ত দেবনাথ


হেমন্তের ভোরবেলা স্বপ্নে পাওয়া কবিতার বইটি 

আলো হয়ে পাশে ছিল, অচেনা রঙের মায়া যেন


কিছুদিন ভাসতে ভাসতে আশ্রয় নিয়েছিলাম এই 

কাব্যের ছায়ায়, সেইথেকে কাঁটাঝোপে বসবাস 

রণপায়ে যাওয়া-আসা অন্ধ এক শেয়ালের কাছে 

মধ্যরাতে রোমাঞ্চিত শব্দ খোঁজা স্মৃতির ভিতর


শব্দ আলেয়ার মতো, শব্দ প্রতিদিন হাহাকার 

পাঠায় সবুজ খামে, ঝলসে ওঠে লেখার টেবিল.....



 




উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বনিক

  উৎসব সংখ্যা -২০২৩ প্রচ্ছদ শিল্পী - রিন্টু কার্যী সম্পাদক- শৌভিক বণিক উৎসবের আর মাত্র কয়েকটা দিন, একদম হাতে গোনা।  আর উৎসব  সংখ্যা ছাড়া উৎ...